স্যান্ডোজ ফার্মার সঙ্গে নেভিয়ান লাইফসায়েন্সের নতুন চুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৪
সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যান্ডোজের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করেছে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি। এ লক্ষ্যে স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডির সঙ্গে সম্প্রতি নতুন একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তির আওতায় বাংলাদেশে স্যান্ডোজের বিভিন্ন ওষুধ আমদানি ও বাজারজাত করবে নেভিয়ান। এর মধ্যে বিশেষ প্রযুক্তিতে তৈরি কিছু জটিল জেনেরিক ওষুধও রয়েছে। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অবস্থিত স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডি সুইজারল্যান্ডভিত্তিক স্যান্ডোজ এজির আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমের একটি কেন্দ্র হিসেবে কাজ করে।
ওষুধ শিল্পে দুই শতাব্দীর বেশি সময়ের ঐতিহ্য নিয়ে ১৯৭৩ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে সুইজারল্যান্ডের সিবা-গেইগি। পরে স্যান্ডোজের সঙ্গে বৈশ্বিক একীভূতকরণের পর ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটি নোভার্টিস বাংলাদেশ লিমিটেড নামে আত্মপ্রকাশ করে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে আসা প্রতিষ্ঠানটির সিংহভাগ শেয়ার ২০২৫ সালে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস অধিগ্রহণ করে। এরপর নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি রাখা হয়।
নতুন পরিচয়ে নেভিয়ান টঙ্গীতে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সনদপ্রাপ্ত জিএমপি কারখানা থেকে বিভিন্ন লাইসেন্সিং ব্যবস্থার আওতায় নোভার্টিস ও স্যান্ডোজের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাত করছে। একই কারখানায় চুক্তিভিত্তিক উৎপাদনের মাধ্যমে তৈরি ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও করছে স্যান্ডোজ।
নেভিয়ান জানিয়েছে, স্যান্ডোজের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অংশীদারত্ব আরও বিস্তৃত হবে। এর ফলে বাংলাদেশের রোগীরা বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্যান্ডোজের বিশেষ প্রযুক্তিতে তৈরি জেনেরিক ওষুধ ব্যবহারের সুযোগ পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- চুক্তি