রমজানে কার সংযম?
আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ১৮:০০
দেখতে দেখতে পবিত্র রমজানের অর্ধেক সময় পেরিয়ে গেছে। বছর ঘুরে জীবন গাঙে আবার নোঙর করল মুসলমানদের প্রিয় এই সময়। যখনই রমজান আসে তখনই ধরাধামে আসে জীবনের ব্যাপক রূপগত পরিবর্তন; পাল্টে যায় গৎবাঁধা ছক। বদলে যায় জীবনের বৃত্তবন্দি অলিগলি। রূপগত পরিবর্তন নয়, প্রকৃতপক্ষে রমজান আমাদের বলে জীবনের গুণগত পরিবর্তনের কথা। বলে চিত্তশুদ্ধির কথা। গায় দৃষ্টি আর মননশুদ্ধির গান। ছড়ায় ষড়রিপুর দাসত্ব থেকে মুক্তির বাণী। কিন্তু সে কথায় আমাদের কতটুকু কর্ণপাত? ২৪ মার্চ প্রথম রমজানে সমকাল ‘সংযম’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে। প্রশ্ন হলো, রমজানে আমরা কতটা সংযমী হয়েছি? সংযমের এ শিক্ষা আমাদের অনেকের মাঝেই অনুপস্থিত এবং আয়োজনেই সীমাবদ্ধ। বেশিরভাগ ক্ষেত্রে রমজান যেন কেবলই ‘পালনের বিষয়’; ‘লালনের বিষয়’ নয়।
রমজানে খুন, ধর্ষণ, রাহাজানি প্রভৃতি অপরাধে কিছুটা ভাটা পড়ে বটে, তবে ভাটা পড়ে
না আচরণগত পাপে। যেমন গিবত, পরনিন্দা, মিথ্যাচার, আমানতের খেয়ানত, অবৈধ মজুত, জালিয়াতি, অতিরিক্ত দ্রব্যমূল্য আদায় ইত্যাদিতে। এ সময় দান-খয়রাত, ফিতরা প্রদান প্রভৃতি চিত্র পরিবর্তনের শুভ ইঙ্গিত দিলেও, রমজানের বিদায়ে বিদায় নেয় সব। রমজানে আমাদের চেতনা জাগ্রত হয়। রমজান এলেই প্রকট হয় চিরঅশুদ্ধ থেকে এই আমাদের কিছুটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা। এটুকুই বা কম কীসে? রমজানে সংযমের শিক্ষা আমাদের জীবন ও সমাজে প্রতিফলিত হোক। এক মাসের শিক্ষায় পুরো বছর আমরা আলোকিত হই– এটাই প্রত্যাশা।
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- বিষয় :
- সংযম
- আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব