ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মোশাররফ সেভাবে অভিনয়ের অনুপ্রেরণা দেয়নি: জুঁই

মোশাররফ সেভাবে অভিনয়ের অনুপ্রেরণা দেয়নি: জুঁই
×

জুইঁ করিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯ | ১২:১৬ | আপডেট: ২২ মার্চ ২০১৯ | ১৩:০০

জনপ্রিয় অভিনেত্রী মোশাররফ করিম পত্নী জুঁই করিম। স্বামী বিরাট অভিনেতা তাই শখের বসে নিজেও শুরু করেন অভিনয়। কিন্তু শখ আর শখ থাকেনি। এখন পেশাদার অভিনেত্রী তিনি। নির্মাতাদের আগ্রহে বা গল্পে চরিত্রের প্রয়োজনে একের পর এক নাটকে অভিনয় করছেন। বছরের ৩৬৫ দিন সংসার সামলানোর পাশাপাশি অভিনয় করেই কাটছে তার। সম্প্রতি এ অভিনেত্রী সমকাল অনলাইনের মুখোমুখি হোন। জানান অভিনয় ও ব্যক্তিগত বিষয়ে নানা কথা। 

কোন নাটকের শুটিং করছেন? 

শামীম জামান পরিচালিত ধারাবাহিক নাটক ‘চাটাম ঘর’ এর শুটিং করছি। দারুন একটি নাটক। সবাই আনন্দ নিয়ে অভিনয় করছি এতে। 

কাজ নিয়ে আর কোন ব্যস্ততা?

ইতোমধ্যে ঈদের নাটকের কাজ শুরু করেছি। ৫ টি ধারাবাহিকের কাজ পুরোপুরি শেষ। কিছু স্ক্রিপ্ট নিয়ে কথা হচ্ছে। পাশাপাশি কচি খন্দকারের পরিচালনায় 'বাঙ্গি টিভি’  ও রায়হান খানের 'বৃহস্পতি তুঙ্গে' নামের দুটি ধারাবাহিকে অভিনয় করছি। দুটিই ধারাবাহিকই প্রচার হচ্ছে। 

জানপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সহমধর্মিনী আপনি। অভিনয়ে আসার কারণটা জানতে চাই?

মনে মনে দীর্ঘদিন ধরেই একটা ক্ষুধা ছিলো যে আমি মিডিয়াতে কিছু একটা করবো। আমি কিন্তু এক সময় গান করতাম। বিয়ের পর সংসার সামলাতে গিয়ে গানটা আর নিয়মিত করা হয়নি। মোশাররফও এক সময় অভিনয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়লো। শুটিংয়ের কারণে ওর বাইরে বাইরেই থাকা হতো বেশি। বাসায় আমাকে প্রায় একাই থাকতে হতো। তত দিনে মিডিয়ার মানুষের আমার বাসায় আসা যাওয়া বেশ। মিডিয়াকেও আমি আরেকটি পরিবার ভাবতে শুরু করেছি। তখন মনে হলো আমিও অভিনয় করতে পারি। ভালো কিছু অবশ্যই পারবো এ ধারণা থেকেই অভিনয়ে আসা। 

অভিনয়ে আসার ব্যাপারে স্বামী মোশাররফ করিমের কাছ থেকে কতটা প্রেরণা পেয়েছেন? 

মোশাররফ করিম কিন্তু আমার অভিনয়ে আসার ব্যাপারে কখনও সরসারি অনুপ্রেরণা দেয়নি। তবে তাকে দেখে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। তার অভিনয় সব সময়ই আমার প্রেরণা।

 দু'জনেই একসঙ্গে অভিনয় করছেন। সংসার সামলাচ্ছেন কে?

আমার সংসার আমাকেই সামলাতে হয়। আমি তো ফুলটাইম অভিনয় করিনা। এই ধরুন মাসে ত্রিশ দিনের  দশ দিন কাজ করি। বাকি ২০ দিন পরিবার নিয়েই আমার ব্যস্ততা। 

স্বামী মোশাররফ করিমের সঙ্গে জুঁই করিম

স্বামী হিসেবে মোশাররফ করিম কেমন? 

পৃথিবীর কোন স্ত্রীর কাছেই তার স্বামী পুরোপুরি পারফেক্ট না। স্বামী-স্ত্রীর মাঝে কিছুটা অপূর্ণতা থাকবেই। থাকবে কিছু জটিলতাও। আট দশটা সংসারের মতো আমাদের সংসারেও হাসি-কান্না ঝগড়া-ভালোবাসা রয়েছে। তবে একজন মানুষ হিসেবে মোশাররফ করিম অসাধারণ। এ দিক থেকে সবসময় গর্ব হয় তাকে নিয়ে। 

চলচ্চিত্রেও আপনাকে দেখা গেছে। নতুন কোন চলচ্চিত্রে অভিনয়ের খবর আছে?

তৌকির আহমেদ ভাইয়ের 'অজ্ঞাতনামা' এবং মোস্তফা সরয়ার ফারুকী ভাইয়ের একটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছি। তবে এখন চলচ্চিত্রে অভিনয়ের নতুন কোন খবর নেই। আর   এখন তো চলচ্চিত্র অভিনয়ের সুযোগও কম। কারণ ভালো গল্পের ছবি কম। 

স্বামী-স্ত্রী একসঙ্গে অভিনয় করছেন। এতে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়?

আমরা প্রতিটি সিক্যুয়েন্সের শুটিংয়ের আগে রিহার্সেল করে নেই। যখন অভিনয় করি তখন  আমারা  চরিত্রের ভেতরে থাকি। তখন আমি যে ওর স্ত্রী বা ও যে আমার স্বামী এটা মাথায় খুব একটা থাকেনা। কখনও স্বামী-স্ত্রী একসঙ্গে অভিনয় করায় সমস্যার মুখেও পড়িনি।

আরও পড়ুন

×