ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ

শাকিব খান: নতুন করে পুরোনো রাজকুমার

শাকিব খান: নতুন করে পুরোনো রাজকুমার
×

ছবি: সংগৃহীত

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪ | ১৩:৩৭ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ | ১৪:২৯

ঢালিউডের আশার প্রতীক বলা হয় শাকিব খানকে। ঝিমিয়ে পড়া ইন্ডাস্ট্রিকে একাই যেন উজ্জ্বল করে রেখেছেন তিনি। উপহার দিচ্ছেন একের পর এক ব্যবসাসফল সিনেমা। ২০২৪ সালে এরইমধ্যে তিনটি সিনেমা নিয়ে মাঠে নেমেছেন এই নায়ক। সিনেমাগুলো নিয়ে সবার প্রত্যাশার পারদ আকাশচুম্বী। শাকিব খানের সেইসব সিনেমার সর্বশেষ খবরাখবর নিয়েই লিখেছেন– অনিন্দ্য মামুন

নায়ক তো অনেকই আছে কিন্তু ঢালিউডে শাকিব খান একজনই। ভক্তরা যাঁকে ভালোবেসে ডাকেন কিং খান, ঢালিউড কিং, রাজকুমার কিংবা ভাইজান। বিগত এক দশকে প্রতিবছরই মনে হয় এই বুঝি ক্যারিয়ার শেষ! শেষ তাঁর রাজত্ব। কত রকম শঙ্কাই তো জাগল। কিন্তু তিনি তাঁর অবস্থানে দাঁড়িয়ে রইলেন বটগাছের মতোই। হেলে পড়লেননা, ভেঙে পড়লেন না। নিজের ওপর, নিজের কাজের ওপর, দর্শকের ভালোবাসার ওপর ভর দিয়ে দাঁড়ালেন আরও শক্ত অবস্থান নিয়ে।পঁচিশ বছরের ক্যারিয়ারে এই শাকিব এখন মারদাঙ্গা ব্যাটসম্যান। একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন। নানা প্রতিকূলতা, বিতর্ক ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যও শাকিব যখন পর্দায় দাঁড়ান, অন্যএক মানুষ হয়ে যান। সবকিছু ছাপিয়ে হয়ে ওঠেন নিরেট অভিনেতা। মুগ্ধতা-জাগানিয়া পারফরমার। তাই শাকিব খানের অধ্যায় ‘শেষ হইয়াও হইল না শেষ’ বাক্যটির মতোই। এইযে একাই রাজত্ব করেন– এমন দাপুটে বিচরণের সূত্র কী? শীতের এক সন্ধ্যায় প্রশ্ন রাখা হয় তাঁর কাছে।

নায়কের সহজ-সরল ভাষ্য, ‘মানুষের ভালোবাসা,কাজের প্রতি ভালোবাসা। আমি যখন যে কাজটি করি, তা শতভাগ মনোযোগ দিয়েই করি। সেই কাজের সঙ্গে আমার প্রেম থাকে। থাকে নিজেকে উতরে যাওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা ও চেষ্টা। বলতে পারেন,এই চেষ্টা আর আকাঙ্ক্ষাই আমার প্রাণশক্তি।’

২০২৩ সালটা দারুণ কেটেছে এ নায়কের। দিয়েছেন ব্যবসা সফল ছবি ‘প্রিয়তমা’। শুধু ব্যবসা সফল ছবিই নয়, অনেক রেকর্ড অর্জন করা ছবিও বটে। ২০২৪ সালটাও তাই নিজের করে নেওয়ারই ছক এঁকে মাঠে নামলেন। যুক্ত হলেন ‘দরদ’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ নামে বিগ বাজেটের সিনেমার সঙ্গে। যেহেতু ঢাকার চলচ্চিত্র তাঁর কোনো প্রতিযোগী নেই, তাই নিজেই নিজের প্রতিযোগী হয়ে উঠতে চাইলেন এ বছর। এমন পরিকল্পনা করে ঢাকার আর কোনো নায়ককে হাঁটতে-ফিরতে দেখা যায় না আজকাল।

তাই তো শাকিব খানকে নিয়ে প্রখ্যাত পরিচালক কাজী হায়াৎ বললেন, ‘ওর মধ্যে অন্যরকম একটা দম আছে। সে দমের জোরে একাই যেন টেনে নিয়ে চলেছে আমাদের ইন্ডাস্ট্রি। না হলে কবেই তো মৃত হয়ে যেত।’

কাজী হায়াৎ যেটাকে দম বললেন, আরেক পরিচালক শাহীন সুমন সেটাকে বললেন ‘ম্যাচিউরিটি’। তাঁর ভাষ্য, ‘শাকিব তো যথেষ্ট ম্যাচিউরড একজন নায়ক। যত ঝামেলাতেই থাকুন না কেন, যত শত্রুই তাঁকে কাবু করতে চাক না কেন। ক্যামেরার সামনে তিনি ফুল প্যাকেজ হয়েই দাঁড়ান। ক্যামেরার সামনে সৎ একজন মানুষ।এই সততাই তাঁর সাফল্যের বড় পাওয়ার।’

তিন সিনেমার হালহকিকত:

২০২৪ সালের শাকিব খানের অভিনীত তিনটি সিনেমার দিকেই তাকিয়ে আছে ইন্ডাষ্ট্রি। সিনেমাগুলোর মুক্তিতে হলগুলোতে নতুন করে প্রাণ ফিরবে এমন মন্তব্যই করছেন সিনেমা ব্যবসায়ীরা। 

‘দরদ’-এর ডাবিং শুরু হচ্ছে:

এই প্রতিবেদন যখন প্রকাশ হবে, শাকিব খান তখন দেশে নেই।ওমরাহ করতে অবস্থান করছেন সৌদি আরবে।যাওয়ার আগেদীর্ঘক্ষণ কথা হয় তাঁর কাজের ফিরিস্তি নিয়ে। নায়ক জানালেন, ‘দরদ’ মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে। ফিরে এসেই ডাবিংয়ে বসে যাবেন তিনি। গত বছরের নভেম্বরে ভারতের বেনারসে সিনেমাটির শুটিং শুরু হয়। ডিসেম্বরে হয় বাংলাদেশে শুটিং।অনন্য মামুনের নির্মাণে এতে শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন বলিউড তারকা সোনাল চৌহান। ছবিটি নির্মাণ, মুক্তি ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে অনন্য মামুন বলেন, ‘দরদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে– এ সিনেমার সবকিছু প্রথমে হিন্দিতে রিলিজ পাবে। পরে তামিল, তেলেগু, মালয়ালম,কর্ণাটকভাষায় মুক্তি পাবে। এ বছরেরফেব্রুয়ারিতেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা আমাদের।’নির্মাতার ভাষায় এটি প্যান ইন্ডিয়ান মুভি। বাংলাদেশ-ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও একযোগে মুক্তির প্রক্রিয়া চলছে। ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব খান, সোনাল চৌহানের পাশাপাশি আরও অভিনয় করেছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের পায়েল সরকার, রাহুল দেব প্রমুখ।

‘রাজকুমার’ ছবির বাংলাদেশি অংশের শুটিং শেষ:

গত বছর মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সুপার ডুপার হিট করে।হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটি ৪১ কোটি টাকা ব্যবসা করে। এটি দেশীয় সিনেমার ইতিহাসে হায়েস্ট গ্রস কালেকশন দাবি করছেন এর প্রযোজক। একই প্রযোজকের অর্থে নির্মাতা হিমেল আশরাফ এবার নির্মাণ করছেন ‘রাজকুমার’। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।গত বছরের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন এ ছবির পরিচালক হিমেল আশরাফসহ অনেকেই। ‘প্রিয়তমা’র পর তাই রাজকুমার ব্যাপক দর্শকপ্রিয়তা পাবে– এমন চাপ নিয়েই গত ডিসেম্বরে রাজধানীর এফডিসিতে শুরু হয় শুটিং। সে সময় পরিচালক জানান, সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে।প্রথম লটে ঢাকায় চারদিন শুটিংয়ের পর টানা ১২ দিন শুটিং হয় পাবনায়।শুটিংয়ে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসেন নায়িকা কোর্টনি কফিও। পাবনায় টানা শুটিংয়ে অংশ নিয়ে কোর্টনি ফিরে গেছেন নিজ দেশে। সিনেমাটির বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। সে প্রস্তুতিই চলছে এখন। 

তুফানের লোকেশন নির্বাচন চলছে:

বড় সিনেমা, বড় প্রযোজক, বড় পরিচালক, বড় নায়ক– সব মিলিয়ে বড় পর্দায় ঝড় তুলতে আসছে ‘তুফান’। শাকিব খানকে নিয়ে এই ‘তুফান’ নির্মাণ করবেন রায়হান রাফি। পরিচালকের দাবি, বাংলা চলচ্চিত্রে শাকিব খানের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দুই বাংলার চলচ্চিত্রের কোলাবোরেশন নিয়ে আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস এবার এক হয়েছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে থাকছেন– সেটা জানানো হয়নি এখনও। সিনেমাটির লোকেশন দেখতে বর্তমানে ভারতে আছেন পরিচালক। সেখানে রামুজি ফিল্ম সিটিসহ নানা অঙ্গন চষে বেড়াচ্ছেন তুফানের শুটিংয়ের জন্য। জানানো হয়েছে সিনেমাটি চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পাবে। 
 

আরও পড়ুন

×