সুশান্তের বাবা-বোনের কথা শুনে বুক কেঁপে উঠেছিল: রামদেব
সুশান্তের জন্য রামদেবের প্রার্থনা -সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২০ | ২৩:৫০
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে গোটা ভারত উত্তাল। বিদেশের মাটিতেও অনেক ভক্ত সুশান্তের বিচার চেয়ে সরব হয়েছেন। এবার ''জাস্টিস ফর সুশান্ত'' মুভমেন্টে সামিল হলেন যোগগুরু বাবা রামদেব। খবর জি নিউজের।
সুশান্তের বিচারের জন্য প্রার্থনা ও পুজো করেছেন তিনি। শনিবার যোগগুরু রামদেব বলেন, ‘সুশান্তের বাবা ও বোনদের সঙ্গে আমি কথা বলেছি। এখন ওদের মনের কষ্টটা বুঝতে পারছি। ওদের কথা শুনে আমারও বুক কেঁপে উঠেছিল। আমরা পতঞ্জলী যোগপিঠে সুশান্তের জন্য প্রার্থনা করছি, ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিক। সুশান্ত ও তার পরিবার দ্রুত ন্যায়বিচার পাক। আজ আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমার প্রার্থনা, যেন সকলেই ন্যায়বিচার পায়। কারোর সঙ্গে যেন কোনও অন্যায় না হয়।’
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের বিচার চেয়ে শনিবার ভারতের স্বাধীনতা দিবসে ১০ মিনিট নিরাবতা পালনের ডাক দেওয়া হয়। তাতে সুশান্তের পরিবারের পাশাপাশি বলিউডের অনেকেই যোগ দেন। এদিন সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নির্ভয়ার মা আশাদেবীও। তিনি বলেন, ‘ধৈর্য্য রাখুন। সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখুন। দেখবেন, সুশান্তের মৃত্যুতে ঠিক সিবিআই তদন্ত হবে। সময় লাগলেও সুবিচার ঠিক হবেই।’