ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ববিতাকে নিয়ে এক ফ্রেমে রুনা লায়লা-শাকিব খানসহ ১২ তারকা

ববিতাকে নিয়ে এক ফ্রেমে রুনা লায়লা-শাকিব খানসহ ১২ তারকা
×

ববিতা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৩:৪৯ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ১৩:৫৫

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে মাছরাঙা টেলিভিশন। ‘ববিতা সমগ্র’ শিরোনামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানে তাঁর দীর্ঘ অভিনয়জীবন, স্মৃতি, সাফল্য এবং ব্যক্তিজীবনের নানা অজানা গল্প উঠে আসবে ভিন্ন আঙ্গিকে। একই সঙ্গে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে থাকছেন দেশের চলচ্চিত্র, সংগীত ও সংস্কৃতি অঙ্গনের ১২ জন তারকা।

এবারের আয়োজনটি আরও বিশেষ হয়ে উঠেছে একটি কাকতালীয় কারণে। কারণ ৩০ জুলাই যেমন ববিতার জন্মদিন, তেমনি এদিনটিই মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুটি উপলক্ষকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘ববিতা সমগ্র’।

অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনায় রয়েছেন রুম্মান রশীদ খান। তিনি জানান, এটি কেবল একটি প্রচলিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান নয়; বরং ববিতার জীবন, কর্ম, স্মৃতি এবং চলচ্চিত্রে তাঁর অবদানকে নানা দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হবে। তাঁর ভাষায়, ‘ববিতা সমগ্র’ মহানায়িকার ভক্তদের জন্য এক মূল্যবান দলিল হয়ে থাকবে।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত থাকবেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন, বরেণ্য অভিনেতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, আফজাল হোসেন,  অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান এবং ববিতার দুই বোন কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা ও চিত্রনায়ক শাকিব খান।

বিশেষ এই আয়োজনটি নিয়ে ববিতা বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য ‘ববিতা সমগ্র’ সত্যিই বিশেষ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এমন একটি আয়োজন দেখে আমি অভিভূত। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

‘ববিতা সমগ্র’ প্রচারিত হবে আগামী ৩০ জুলাই, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাছরাঙা টেলিভিশনের কার্যনির্বাহী প্রযোজক অজয় পোদ্দার।

আরও পড়ুন

×