অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন জায়েদ খান
রিফাত চৌধুরী ও জায়েদ খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২৮
অসুস্থ অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রিফাতের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তার চিকিৎসার জন্য সহযোগিতার উদ্যোগ নিয়েছেন এই অভিনেতা। আজ বৃহস্পতিবার রিফাত চৌধুরীকে আর্থিক সহায়তা করেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান।
সমকালকে জায়েদ খান বলেন, শিল্পীর পাশে শিল্পী থাকবে এটাই স্বাভাবিক। ওই জায়গা থেকেই সাধ্যমতো রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি অন্যরাও এই গুণী অভিনেতা ও কবির পাশে দাঁড়াবেন। রিফাত ভাইয়ের সুস্থতা কামনা করছি।
এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাতের অসুস্থতার খবর জানিয়ে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, আর্থিক সংকটের কারণে রিফাতের যথাযথ চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। তাঁর পরিচিতজন, সহকর্মী, ভক্ত এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি সহযোগিতার অনুরোধ জানান চঞ্চল।
এদিকে অভিনয় শিল্পী সংঘও পাশে দাঁড়িয়েছে রিফাত চৌধুরীর। সংগঠন থেকে করা হয়েছে আর্থিক সহায়তা। অভিনেতা চঞ্চল চৌধুরীও সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছেন রিফাত চৌধুরীর পাশে দাঁড়াতে। এবার সাহায্যের হাত বাড়ালেন জায়েদ খান।
পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। গেল ১৪ তারিখে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। শুরুতে ফ্লোরেই কাটছিল দিন। পরে মেলে বেড। অভিনেতার দুরবস্থা সংবাদমাধ্যমে উঠে এলে তাকে কেবিনে স্থানান্তর করা হয় তাকে। সেখানেই চলছে তার চিকিৎসা।
- বিষয় :
- জায়েদ খান
- রিফাত চৌধুরী