কনসার্টের মধ্য দিয়ে ‘এবি কিং’ ব্যান্ডের আত্মপ্রকাশ
ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৩
কিছুদিন আগে ‘রক আইকন’খ্যাত কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক আইয়ুব বাচ্চুর নাম দিয়ে গঠন করা হয় নতুন একটি ব্যান্ড। আইয়ুব বাচ্চুর নামের ইংরেজি আদ্যাক্ষর ‘এবি’ নিয়ে এর নামকরণ হয়েছে এবি কিং। এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছেন এলআরবির সাবেক কি-বোর্ডিস্ট ও কণ্ঠশিল্পী এসআই টুটুল, সোলসের সাবেক লিড গিটারিস্ট ইফতেখার ইফতি, আর্বোভাইরাস ব্যান্ডের সাবেক ড্রামার নাফিজ আল আমিন ও বেইস গিটারিস্ট আকাশ আহসান।
ব্যান্ড ম্যানেজারের দায়িত্বে আছেন ইশতিয়াক এ সিদ্দিকী। অসুস্থতার কারণে এ মুহূর্তে সময় দিতে না পারলেও শিগগিরই ব্যান্ডে কি-বোর্ডিস্ট হিসেবে যোগ দেবেন সংগীত পরিচালক ইবরার টিপু। এই লাইনআপ নিয়ে গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনের নয়না সেন্টার অডিটরিয়ামে আত্মপ্রকাশ করে নতুন ধারার ব্যান্ড ‘এবি কিং’।
এদিন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস আই টুটুলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ব্যান্ডের প্রথম স্টেজ শো। মূলত একটি মহতী উদ্দেশ্যে হিউস্টনের এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সোনার বাংলা ফাউন্ডেশন।
অনুষ্ঠানে এই সংস্থার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এস আই টুটুল তাঁর নতুন ব্যান্ড এবি কিং-এর আত্মপ্রকাশের মাধ্যমে হিউস্টর প্রবাসীদের কাছ থেকে দেড় কোটি টাকার অনুদান সংগ্রহ করেন, যা সোনার বাংলা ফাউন্ডেশনের প্রকল্পের কাজে লগ্নি করা হবে বলে জানিয়েছেন এবি কিং ব্যান্ডের সদস্যরা।

এ নিয়ে এস আই টুটুল বলেন, ‘এখন জীবনের শেষ ধাপে রয়েছি। দর্শকের ভালোবাসা, গুণী মানুষদের আদর, সম্মাননা সবই পেয়েছি। শিল্পীজীবনের কয়েক দশকের পথ পাড়ি দিয়ে মনে হয়েছে, এখন এমন একটি প্ল্যাটফর্ম গড়া উচিত, যার অংশীদার হবে সবাই। যাতে করে আমি মারা গেলেও এবি কিং কেউ না কেউ চালিয়ে নিতে পারে। সেই ভাবনা থেকে সমমনা কয়েকজনকে নিয়ে এবি কিং ব্যান্ডটি গঠন করা। একটি বিষয় স্পষ্ট করা উচিত, এবি কিং কোনোভাবে এলআরবির রিপ্লেসমেন্ট না। এটা সেই প্ল্যাটফর্ম, যেখান থেকে আমার গুরুজি আইয়ুব বাচ্চুকে সম্মান জানানো হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন কিংবদন্তির গানের পাশাপাশি পরিবেশিত হবে আমাদের মৌলিক গান। চলতি বছর আমেরিকা ও ইউরোপের একাধিক শহরে পারফর্ম করবে এবি কিং। ব্যান্ডের ডিজিটাল কনসালট্যান্সির কাজ করবে কোলাহল কমিউনিকেশন।’
সোনার বাংলা ফাউন্ডেশনের কর্তাব্যক্তি মাহমুদ হোসেন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে এই ধরনের ফান্ড রাইজিং প্রোগ্রামের আয়োজন করে আসছি। আমরা অভিভূত আমেরিকান প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ততা দেখে। যে কোনো মহৎ উদ্যোগে যেসব শ্রেণিপেশার মানুষের সাড়া পাওয়া যায়, এটিই তার প্রমাণ। ব্যান্ড এবি কিং-কেও ধন্যবাদ তাদের আত্মপ্রকাশের ভেনু হিসেবে সোনার বাংলা ফাউন্ডেশনকে বেছে নেওয়ার জন্য।’
উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা– যা বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং খাতে সামাজিক উন্নয়নে কাজ করছে। ফাউন্ডেশনটি বিশেষভাবে কিডনি রোগীদের জন্য আধুনিক ও সাশ্রয়ী ডায়ালাইসিস সেবা, রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের জন্য স্ক্রিনিং এবং ল্যাবরেটরি সেবা প্রদান করছে। পাশাপাশি ডায়ালাইসিস প্রযুক্তির দেশীয় সক্ষমতা বৃদ্ধিতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে। দীর্ঘ মেয়াদে সোনার বাংলা ফাউন্ডেশনের লক্ষ্য একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, মেডিকেল স্কুল ও অত্যাধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সৃষ্টি করা।
- বিষয় :
- আইয়ুব বাচ্চু
- এবি কিং