ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অভিনয় ছেড়ে ধনকুবেরকে বিয়ে, ফের আলোচনায় সেই অভিনেত্রী

অভিনয় ছেড়ে ধনকুবেরকে বিয়ে, ফের আলোচনায় সেই অভিনেত্রী
×

গায়ত্রী যোশী ওবেরয়। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৬

বলিউডে অনেক অভিনেত্রী দীর্ঘ সময় ধরে অভিনয় করেছেন। আবার কেউ কেউ অল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নিয়ে পরে নিজে সরে গেছেন আলো ঝলমলে জগৎ থেকে। এমন একজন গায়ত্রী যোশী ওবেরয়। শাহরুখ খানের সঙ্গে ‘স্বদেশ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেলেও মাত্র ২৮ বছর বয়সে অভিনয় থেকে বিদায় নেন তিনি। পরে বেছে নেন সংসার ও সন্তানদের নিয়ে জীবন।

সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এ শাহরুখ খানকে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, তার সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার ‘স্বদেশ’ সহশিল্পী গায়ত্রীর নাম।

গায়ত্রী বিয়ে করেছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে। হুরুনের ২০২৬ সালের তালিকা অনুযায়ী, বিকাশের সম্পদের পরিমাণ প্রায় ৪৮ হাজার ১০০ কোটি রুপি। এই সম্পদের হিসাবে তিনি ভারতের ৫৯তম ধনী ব্যক্তি। এর আগের বছরও তালিকায় ছিলেন তিনি। তখন তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৪২ হাজার ৯৬০ কোটি রুপি।

সিনেমার দৃশ্যে শাহরুখ খান ও গায়ত্রী যোশী ওবের

নব্বইয়ের দশকে ভিডিও জকি (ভিজে) হিসেবে বিনোদনজগতে পথচলা শুরু করেন গায়ত্রী। এরপর ২০০০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেন। একই বছর ‘মিস ইন্টারন্যাশনাল’-এ ভারতের প্রতিনিধিত্বও করেন তিনি।

২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান গায়ত্রী। ছবিতে তার অভিনীত চরিত্র ছিল গীতা। সিনেমাটি সমালোচকদের প্রশংসা পায় এবং গায়ত্রীও পরিচিতি পান। তবে ‘স্বদেশ’-এর পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। মাত্র ২৮ বছর বয়সেই বলিউডের আলো থেকে সরে গিয়ে সংসারকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেন।

আগের কয়েকটি সাক্ষাৎকারে গায়ত্রী জানিয়েছিলেন, তিনি জীবনের কোনো একটি দিককে অর্ধেক মনোযোগ দিয়ে করতে চাননি। বিয়ে ও সন্তানদের জন্য পুরোপুরি সময় দিতে চেয়েছিলেন। তাই অভিনয় চালিয়ে যাওয়ার পরিবর্তে পরিবারকেই বেছে নেন।

গায়ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে একসময় ইকোনমিক টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ ওবেরয় বলেছিলেন, বিয়ের আগে থেকেই গায়ত্রীকে চিনতেন তিনি। প্রথম দিকে তাদের সম্পর্ক ছিল বন্ধুত্ব বা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ।

বিকাশ ওবেরয় ও গায়ত্রী যোশী ওবের

বিকাশের ভাষায়, ‘বিয়ের আগে থেকেই গায়ত্রীকে অনেক দিন ধরে চিনতাম। আমরা শুধু বন্ধু, বলা যায় পরিচিত ছিলাম। একটা সময় আমার দৃঢ়ভাবে মনে হয়েছিল, জীবনের বাকি সময়টা যার সঙ্গে কাটাতে চাই, সে গায়ত্রী।’

আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘স্বদেশ’ মুক্তি পায় ২০০৪ সালে। সিনেমায় শাহরুখ খানকে দেখা যায় নাসার একজন সফল বিজ্ঞানীর চরিত্রে। বিদেশে কর্মরত ওই বিজ্ঞানী শৈশবের পরিচিত মানুষকে খুঁজতে ভারতে ফিরে আসেন। এরপর নিজের শিকড় ও দেশের মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয় তার।

শাহরুখ ও গায়ত্রী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন কিশোরী বল্লাল, দয়া শঙ্কর পাণ্ডে, রাজেশ বিবেক ও লেখ ট্যান্ডনসহ অনেকে।

বলিউডে গায়ত্রীর অভিনয়জীবন খুব ছোট হলেও ‘স্বদেশ’-এর গীতা চরিত্রের মাধ্যমে দর্শকের কাছে এখনো পরিচিত তিনি। অভিনয় থেকে সরে গেলেও তার ব্যক্তিজীবন ও স্বামী বিকাশ ওবেরয়ের বিপুল সম্পদের কারণে মাঝেমধ্যেই আলোচনায় আসে তার নাম। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×