নতুন মায়ের জন্য
আফিফা রায়হানা/ইসরাত জাহান
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ | ২২:১৮
গর্ভধারণ বা সন্তান জন্মদানের মতো বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে আমরা নিজেদের জীবনে নেই। অনেক ক্ষেত্রে ধরে নেওয়া হয়, অন্তঃসত্ত্বা হলেই একজন মা সন্তান জন্মদান বিষয়ে আশপাশের অন্য সব অভিজ্ঞতাসম্পন্ন মায়ের কাছ থেকে সবকিছু জেনে যাবেন। কিন্তু বাস্তবতা হলো, এখনকার ব্যস্ত সময়ের একক পরিবারে এই জানার বিষয়টি আরও অনুপস্থিত। উপরন্তু গর্ভাবস্থায় মা যখন ডাক্তার দেখান অনেক রোগীর ভিড়ে, স্বল্প সময়ে ডাক্তারের পক্ষে সবকিছু ব্যাখ্যা করা সম্ভবও হয় না। বেশিরভাগ সময় ডাক্তাররা প্রেসক্রিপশনে ওষুধ বা কিছু নিয়ম লিখে দেন আর সময় সময় বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট করতে দেন। আলাদাভাবে রোগীকে বোঝাবেন বা সময় দেবেন- সেই সুযোগ খুব কমই থাকে।
প্রিনাটাল বা চাইল্ড বার্থ ক্লাস বাইরের দেশগুলোতে বেশ জনপ্রিয়। সাধারণত অভিজ্ঞ মিডওয়াইফ, নার্স বা প্রশিক্ষিত চাইল্ড বার্থ এডুকেটররা এ ধরনের ক্লাসগুলো নিয়ে থাকেন। একজন হবু মাকে গর্ভাবস্থা ও প্রসব সম্পর্কে খুব প্রয়োজনীয় বিষয় জানিয়ে তাঁকে সামনের দিনগুলোর জন্য প্রস্তুত করতে এই ধরনের ক্লাসের জুড়ি নেই। মেডিকেলবিষয়ক কোনো পরামর্শ বা চিকিৎসা এখানে দেওয়া হয় না। বরং এক সময়ে পরিবারের মা বা বোন থেকে গর্ভাবস্থা বিষয়ক যে জিনিসগুলো মানুষ জানতে চাইতেন, সেগুলোর সময়োপযোগী, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও প্রথাগত জ্ঞানের সমন্বয় করে এ ধরনের প্রিনাটাল ক্লাসের আয়োজন করা হয়।
গর্ভধারণ, সন্তান প্রতিপালন ও মাতৃত্বসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের একটি সামাজিক ব্যবসা মাতৃত্ব ডটকম। প্রতিষ্ঠানটির একটি উদ্যোগ 'মাতৃত্ব পাঠশালায়' শিগগিরই প্রিনাটাল ক্লাস চালু হতে যাচ্ছে।
গর্ভধারণ ও গর্ভাবস্থা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একটি মানবশিশুকে নিজের শরীরে ধারণ করে, তার পুষ্টির জোগান দিয়ে, সুস্থভাবে পৃথিবীতে আনার ব্যবস্থা করা চাট্টিখানি কথা নয়। গর্ভে থাকাবস্থাতেই সন্তানের সুস্থতা নিশ্চিত করা, তাঁকে তাঁর জীবনটা সুন্দর উপায়ে শুরু করে দেওয়ার ব্যবস্থা করার মাধ্যমে আমরা মাতৃত্বের একটা সুন্দর সূচনা করতে পারি।
একজন সন্তানসম্ভবা মায়ের নিজের গর্ভাবস্থা নিয়ে অজস্র প্রশ্ন থাকে। এই সময়ে শরীরে ঠিক কী পরিবর্তন ঘটে? কেন ঘটে? কে মুড সুইং হয়? কী খাব, কী খাব না? কী ব্যায়াম করব ও কেন করব? কীভাবে প্রসবের জন্য প্রস্তুতি নেব? প্রসবের সময় কী হয়? গর্ভকালে কী ধরনের জটিলতা হতে পারে? নরমাল ডেলিভারি নাকি সি-সেকশন ভালো হবে? ডেলিভারির পর কীভাবে নিজের যত্ন নেব? বাচ্চার দেখাশোনা কীভাবে করব? বুকের দুধ কীভাবে খাওয়াব? ইত্যাদি হাজারও প্রশ্ন আর সংশয়ে ভরা গর্ভকাল।
এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া একজন মায়ের জন্য খুব জরুরি। কারণ এগুলোর উত্তর মাকে সাহায্য করবে পৃথিবীতে তাঁর বাচ্চার শুরুটা সুন্দর করে তুলতে। একজন সম্ভবা মা বা হবু মা হিসেবে গর্ভকালের যে কোনো সময়ে, নিজের ও বাচ্চার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত জেনেবুঝে আপনি তখনই নিতে সক্ষম হবেন, যখন আপনার এ বিষয়ে যথাযথ জ্ঞান থাকবে।
মাতৃত্ব মূলত একজন নারীর শারীরিক বিষয় হলেও, সেই নারীর চারপাশের মানুষ তাঁর মাতৃত্বে বিভিন্নভাবে ভূমিকা রাখেন। একজন সম্ভাব্য মা গর্ভকালে বিভিন্ন শারীরিক ও মানসিক অবস্থার ভেতর দিয়ে যান এবং তাঁর আশপাশের মানুষ, যেমন- স্বামী, শাশুড়ি, মা, বোন এমনকি বান্ধবী এ সময় তাঁর ভালো থাকায় ভূমিকা রাখেন। তাই মাতৃত্বকালীন প্রিনাটাল ক্লাস একজন অন্তঃসত্ত্বা মা যেমন করতে পারেন, তেমনি তাঁর আশপাশের মানুষও অংশগ্রহণ করতে পারেন।
লেখকদ্বয় : সহ-প্রতিষ্ঠাতা, মাতৃত্ব
(https://matritto.com)
- বিষয় :
- গর্ভধারণ
- সন্তান জন্মদান