ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বৃত্তের বাইরে

বৃত্তের বাইরে
×

জান্নাতুল হিমি

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১৮:০০

কয়েকদিন আগের কথা। ঢাকার একটি রেলস্টেশনে পান-সিগারেট বিক্রি করছেন এক মেয়ে। পরনে রং ওঠা সালোয়ার-কামিজ। তাঁকে ঘিরে ধরেছে উৎসুক জনতা। দূর থেকে কাছে আসতেই দেখা গেল জান্নাতুল ফেরদৌস হিমিকে। জুবায়ের ইবনে বকরের পরিচালনায় ঈদের একটি নাটকে কাজ করছিলেন তিনি। হিমিকে সবসময় দেখা যায় গ্ল্যামারাস চরিত্রে। ইদানীং বৃত্তের বাইরে বেরিয়ে নানা চরিত্রে অভিনয় করতে তাঁকে দেখা যাচ্ছে। ঈদের ওই নাটকে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘অনেক মানুষের মধ্যে রেলস্টেশনে কাজ করা মুশকিল। খুব গরমও পড়েছিল। চরিত্রটি নিয়ে প্রথমে টেনশনে ছিলাম। যখন চরিত্রটিতে ঢুকে পড়েছি তখন আর সমস্যা হয়নি। এতে অনেক বাঁক ছিল। গরিব মেয়েটির বাবা নেশা করে। সংসার চালাতে পারে না। মেয়েটিকে বিক্রি করে দিতে চায়। এ রকম অবস্থায় নিজেই পরিবারের দায়িত্ব নেয়। আমি সেরাটি দিয়েছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

নিজেকে নানারূপে তুলে ধরা প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে এক দশকের বেশি সময় পার করেছি। প্রথম কয়েক বছর আমি চেয়েছি গ্ল্যামার চরিত্রে দর্শক আমাকে দেখুক। পরে ভাবনার বদল হয়েছে। এরপর প্রচুর কমেডি নাটকে অভিনয় করেছি। আমার অভিনীত কিছু নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। দর্শকের এ ভালোবাসায় আমাকে ভালো কাজে করতে উৎসাহ জোগাচ্ছে। এখন অভিনয়ের সুযোগ আছে এমন গল্পপ্রধান নাটকে অভিনয় করছি।’

আসছে ‌ঈদে বেশ কিছু ভিন্নধর্মী কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন হিমি। একক নাটকের পাশাপাশি একসময় হিমিকে পাওয়া যেত ধারাবাহিক নাটকে। আজকাল এ ধরনের নাটকে তাঁর দেখা মেলে না। হিমি বলেন, ‘একক নাটকের ব্যস্ততার কারণে ধারাবাহিকে অভিনয় করা হয়ে ওঠে না। ভালো গল্প পেলেও কাজ করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। ধারাবাহিকে অনেক শিল্পীর উপস্থিতি থাকে। এ কারণে শিডিউল মেলাতে সমস্যা হয়। শিডিউল না মেলায় শেষ কয়েকটি কাজে অনেক ভোগান্তি হয়েছে। এ কারণে এখন আর ধারাবাহিকে অভিনয় করছি না। ’
এখন ইউটিউবে চোখ রাখলেই দেখা যায় নিলয় আলমগীর-হিমির নাটক। তাহলে কি নিলয়-হিমি জুটি হতে চলছে?

হিমির ভাষ্য, ‘বিষয়টি আসলে সে রকম নয়। মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানসহ অনেকের সঙ্গে অভিনয় করছি। এটি সত্যি যে, নিলয়ের সঙ্গে ইদানীং প্রচুর কাজ হচ্ছে। দর্শক আমাদের অভিনীত নাটকগুলো গ্রহণ করেছেন বলেই নির্মাতারা আমাদের জুটি করে নাটক বানাচ্ছেন। দর্শক যতদিন চাইবেন ততদিনই একসঙ্গে কাজ করব।’ অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এমন কোনো চরিত্র আছে যে, অভিনয়ের আকাঙ্ক্ষা রয়েছে? “রবীন্দ্রগল্পের কোনো চরিত্রে কাজের ইচ্ছা ছিল– তা পূরণ করেছি ‘হঠাৎ দেখা’ চলচ্চিত্রের মাধ্যমে। বিশেষ কোনো চরিত্রের প্রতি এখন আর মোহ নেই। তবে ভালো কাজের ক্ষুধা সবসময়ই থাকে। ভিন্নধর্মী কাজের আকাঙ্ক্ষা আমাকে তাড়িয়ে বেড়ায় সবসময়। তাই তো অভিনয় দিয়ে নিজেকে যেখানে তুলে ধরা যায়, সেই কাজকেই প্রাধান্য দিই।”

অনেকেই জানেন শৈশবে গান ও নাচ দিয়ে শুরু হয়েছিল হিমির পথচলা। একসময় স্বপ্ন ছিল সংগীতশিল্পী হওয়ার। সেই স্বপ্ন যেন আর নিজেকে ছুঁতে পারেনি। হয়েছেন অভিনয় ভুবনের বাসিন্দা। তবে গান থেকে দূরে সরে যাননি তিনি। গত ঈদে প্রথমবার ‘পরান পাখি’ নামে একটি নাটকের গান গেয়েছেন এ তারকা অভিনেত্রী। দ্বৈত এ গানে তাঁর সহশিল্পী আভরাল সাহির। এ প্রসঙ্গে হিমি বলেন, ‘ছোটবেলা থেকে গান শিখলেও কখনও মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিল বেশি। তবে পরিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন, তা ফেলতে পারিনি। ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পাওয়ার পর দর্শক-শ্রোতার সাড়া পেয়েছি।’

আরও পড়ুন

×