ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জীবনমান উন্নয়নে কাজ করেন যারা

জীবনমান উন্নয়নে কাজ করেন যারা
×

সমাজের ভালো কাজে দেখা মেলে এই তরুণদের...

রুবেল মিয়া নাহিদ

প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১৮:০০

রাকিবুল হাসানের শৈশব কেটেছে গ্রামের ধুলোমাখা পথে। মাধ্যমিকে পড়ার সময় দেখেন, সহপাঠীরা অর্থের অভাবে শিক্ষা উপকরণ কিনতে পারছে না। তখন থেকেই তাদের পাশে দাঁড়ানোর ভাবনা আসে মাথায়। সেই ভাবনা থেকেই সহপাঠী ও বয়সে তাঁর চেয়ে ছোটদের নিয়ে ২০০৯ সালে মতলব দক্ষিণ উপজেলায় গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

সমাজের হতদরিদ্র ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটি ১৫ বছর ধরে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। টেকসই পরিবর্তনে সমাজের প্রান্তিক মানুষের জীবিকা আহরণের জন্য সামর্থ্য নামে একটি দারিদ্র্য বিমোচন প্রকল্প চালিয়ে থাকে সংগঠনটি। এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র ব্যবসা, সেলাই মেশিন, গৃহপালিত পশুপালন, কৃষি সরঞ্জামসহ অন্যান্য কাজের ব্যবস্থা করা হয়। সমাজের অসচ্ছল মানুষের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র ও ইফতারসামগ্রী বিতরণ করে সংগঠনটি। এ ছাড়াও রোগীর জন্য রক্ত সংগ্রহ, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণসহ করে থাকে লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী, শিক্ষাবৃত্তি প্রদানসহ তাদের নামমাত্র ফি’র মাধ্যমে কোচিং করানো ও উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠানের নিয়মিত আয়োজক সংগঠনটি। এ ছাড়া লোটাস-বাডের আওতাধীন ‘শতদল পাঠশালা’ নামে একটি নৈমিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই পাঠশালা থেকে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন একাডেমিক পরীক্ষায় সফলতার সঙ্গে সর্বোচ্চ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

কেউ কেউ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনার সুযোগ পেয়েছে। আগামীর পরিকল্পনার কথা জানতে চাইলে– এর প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান বলেন, ‘জনমানুষের জন্য সুলভে বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে এই অঞ্চলে একটি কমিউনিটি কমপ্লেক্স স্থাপন করতে চাই। যেখানে প্রতি মাসে স্বল্প খরচে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এ ছাড়া স্বাবলম্বী করার উদ্দেশ্যে কর্মহীনদের বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে চাই।’

আরও পড়ুন

×