ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে বেসরকারি চেম্বারে রোগী দেখা নিষিদ্ধ

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে বেসরকারি চেম্বারে রোগী দেখা নিষিদ্ধ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২৮

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এই এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরকারি হাসপাতালের চিকিৎসকদের রোগী দেখাও (প্র্যাকটিস) নিষিদ্ধ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে মো. নূরুল ইসলাম সমকালকে বলেন, গত মাসে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার ভিত্তিতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে চিঠি জারি করা হয়েছে এবং চিঠি জারির সঙ্গে সঙ্গেই নির্দেশনাটি কার্যকর হয়েছে।

সরকারি হাসপাতালকে ঘিরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে কাছাকাছি বেসরকারি হাসপাতালে যেতে প্ররোচিত করেন কিছু ব্যক্তি বা চক্র। এ ছাড়া সরকারি হাসপাতালের কর্মঘণ্টার মধ্যেই আশপাশের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সরকারি চিকিৎসকদের রোগী দেখার অভিযোগও রয়েছে।

নতুন নির্দেশনার ফলে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ বন্ধ হওয়ার পাশাপাশি ওই এলাকার বিদ্যমান প্রতিষ্ঠানে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আরও পড়ুন

×