পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি-সংগৃহীত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২১
চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি সংলগ্ন ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে শ্রীমাই খালের পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, উত্তর ছনহরার ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খালের মধ্যে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম