ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কৌশলগত চুক্তি

বাংলাদেশ পুলিশকে বিশেষ সেবা দেবে গ্রামীণফোন

বাংলাদেশ পুলিশকে বিশেষ সেবা দেবে গ্রামীণফোন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৯

| প্রিন্ট সংস্করণ

সংযোগ ও ডিজিটাল সেবার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সহায়তা করতে বাংলাদেশ পুলিশের সঙ্গে ১০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি  করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। 

চুক্তির আওতায় বাংলাদেশ পুলিশের অফিসিয়াল মোবাইল নম্বর সিরিজ (০১৩২০০০০০০০-০১৩২০২৯৯৯৯৯) এবং অফিসিয়াল ও সল্যুশন-ভিত্তিক নম্বরগুলোর জন্য প্রয়োজনীয় সংযোগ সেবা দেবে অপারেটরটি। এ ছাড়া অনলাইন জিডি এবং ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) মতো প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য সংযোগ ও সহায়তা চুক্তির অন্তর্ভুক্ত। গ্রামীণফোন গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ শরীফ উদ্দিন এবং গ্রামীণফোনের হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বিজনেস হেলাল উদ্দিন আহমেদ সম্প্রতি ঢাকায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা  ইয়াসির আজমান উপস্থিত ছিলেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন এবং বাংলাদেশ পুলিশ ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আইজিপি বলেন, পুলিশের কাজ ও জনগণকে সেবা দেওয়ার ধরণ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এ কারণে নির্ভরযোগ্য সংযোগ ও প্রযুক্তিও দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গ্রামীণফোনের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের যোগাযোগ ও ডিজিটাল সেবার চাহিদা মেটাতে সহায়ক হবে। 
গ্রামীণফোনের সিইও বলেন, চুক্তিটি ভবিষ্যতে উদীয়মান প্রযুক্তিগুলোকে কীভাবে আরও সুসংহত ও দক্ষ পরিচালনায় কাজে লাগানো যায় তা বোঝার সুযোগ তৈরি করবে। প্রযুক্তি যখন দায়িত্বশীলভাবে এবং নির্দিষ্ট উদ্দেশ্যে কাজে লাগানো হয় তখন তা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়। 

আরও পড়ুন

×