ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এমটিভি ভিএমএতে নতুন রেকর্ড টেইলর সুইফটের, পুরস্কার পেলেন ম্যাডোনাও

এমটিভি ভিএমএতে নতুন রেকর্ড টেইলর সুইফটের, পুরস্কার পেলেন ম্যাডোনাও
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৪০

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) নতুন রেকর্ড গড়েছেন টেইলর সুইফট। রোববার রাতে ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের মিউজিক ভিডিওর জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে তিনি ভিএমএর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কারজয়ী শিল্পী হয়েছেন।

পুরস্কার বিতরণীর আগে সুইফট ও বিয়ন্সে ৩০টি করে ভিএমএ জিতে যৌথভাবে শীর্ষে ছিলেন। এবারের আসরে আরও একটি পুরস্কার জিতে বিয়ন্সেকে ছাড়িয়ে যান ৩৬ বছর বয়সী মার্কিন এই গায়িকা।

‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানটি সুইফটের ২০২৫ সালের অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর। গানটির মিউজিক ভিডিওটি নিজেই লিখেছেন ও পরিচালনা করেছেন তিনি। এ কাজের স্বীকৃতি হিসেবে এবারের অনুষ্ঠানে চালু হওয়া প্রথম ‘আর্টিস্ট ডিরেক্টর’ পুরস্কারও পেয়েছেন সুইফট।

নতুন পুরস্কারটি তিনি উৎসর্গ করেন প্রয়াত মার্কিন সংগীতশিল্পী ডলি পার্টনকে। পুরস্কার গ্রহণের সময় সুইফট বলেন, ‘একসময় ডলি পার্টনের সঙ্গে একই পৃথিবী ভাগ করে নেওয়ার সুযোগ আমাদের হয়েছিল- এ জন্য আমরা সবাই ভাগ্যবান।’

লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এবারের ভিএমএ অনুষ্ঠান সঞ্চালনা করেন র‍্যাপার স্নুপ ডগ। অনুষ্ঠানে নিজের নতুন গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিওও প্রকাশ করেন সুইফট। এতে অভিনয় করেছেন কলিন ফ্যারেল ও ডাকোটা জনসন। এনএফএল খেলোয়াড় ট্রাভিস কেলসেকে বিয়ের পর এটি তার প্রথম মিউজিক ভিডিও।

ম্যাডোনারও একাধিক পুরস্কার
এবারের অনুষ্ঠানে সবচেয়ে বেশি ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ম্যাডোনা। শেষ পর্যন্ত ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’, ‘বেস্ট ড্যান্স’ ও ‘বেস্ট কলাবরেশন’সহ একাধিক পুরস্কার জিতেছেন ৬৮ বছর বয়সী এই সংগীতশিল্পী।

সাবরিনা কার্পেন্টারের সঙ্গে করা ‘ব্রিং ইওর লাভ’ গানের জন্য ‘বেস্ট কলাবরেশন’ পুরস্কার পান ম্যাডোনা। গানটি তার ২০২৬ সালের অ্যালবাম ‘কনফেশন্স টু’-এর প্রধান একক। এ ছাড়া অ্যালবামটির চলচ্চিত্রের জন্য তার দল ‘বেস্ট সিনেমাটোগ্রাফি’ ও ‘বেস্ট কোরিওগ্রাফি’ পুরস্কারও পেয়েছে।

‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার গ্রহণের সময় ম্যাডোনা বলেন, প্রথম ভিএমএ অনুষ্ঠানে তিনি যখন পারফর্ম করেছিলেন, তখন উপস্থিত অনেক দর্শকেরই জন্ম হয়নি। ৪৩ বছর আগের সেই অনুষ্ঠানের কথা স্মরণ করে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের একটি মঞ্চ দুর্ঘটনার কথাও বলেন তিনি।

সাম্প্রতিক সময়ের কথা উল্লেখ করে ম্যাডোনা বলেন, গত দেড় বছর তিনি নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার, নিজের ওপর বিশ্বাস রাখার এবং নিজের পছন্দের সংগীত তৈরির সময় পার করেছেন।

ভিএমএর মঞ্চে ২০০৩ সালের পর এবারই প্রথম পারফর্ম করেন ম্যাডোনা। ওই সময় ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে মঞ্চে চুম্বনের ঘটনায় ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি। এবারের পরিবেশনায় সাবরিনা কার্পেন্টারের সঙ্গে দ্বৈত গান গাওয়ার পাশাপাশি ব্রিটিশ শিল্পী চার্লি এক্সসিএক্সও অংশ নেন।

ম্যাডোনা জানান, সাবরিনা কার্পেন্টারের সঙ্গে গান করার প্রস্তাব দেওয়ার পর তার দলের কাছ থেকে পাঁচ দিন কোনো উত্তর পাননি। পরে তিনি নিজেই কার্পেন্টারকে সরাসরি বার্তা পাঠান। এরপর কয়েক সপ্তাহের মধ্যেই তারা স্টুডিওতে গানটি রেকর্ড করেন।

প্রথম এশীয় একক শিল্পী হিসেবে লিসার পুরস্কার
এবারের ভিএমএতে নতুন ইতিহাস গড়েছেন ব্ল্যাকপিঙ্কের লিসা। ‘ড্রিম’ গানের জন্য ‘বেস্ট পপ’ পুরস্কার জিতে প্রথম এশীয় একক শিল্পী হিসেবে এই বিভাগে পুরস্কার পেলেন থাই গায়িকা ও র‍্যাপার লিসা।

পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত লিসা তাঁর ভক্তদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের ছাড়া তিনি আজকের অবস্থানে আসতে পারতেন না।

লিসার আসল নাম লালিসা মানোবান। ‘ড্রিম’ গানের মিউজিক ভিডিওতে জাপানি অভিনেতা কেনতারো সাকাগুচিও অভিনয় করেছেন।

এবারের ভিএমএতে আরও কয়েকজন ব্রিটিশ শিল্পী পুরস্কার পেয়েছেন। রায়ে ও সিয়েনা স্পিরো পারফর্ম করেন; সিয়েনা ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কারও জেতেন। ব্রিটিশ শিল্পী পিঙ্কপ্যানথেরেস ‘স্টেটসাইড’ গানের জন্য সুইডিশ শিল্পী জারা লারসনের সঙ্গে ‘বেস্ট আর্ট ডিরেকশন’ পুরস্কার পান।

অনুষ্ঠানে প্রয়াত ডলি পার্টন ও জর্জ মাইকেলকে শ্রদ্ধা জানানো হয়। কে-পপ ব্যান্ড বিটিএস জিতেছে ‘বেস্ট গ্রুপ’ ও ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার। অলিভিয়া রদ্রিগোর ‘দ্য কিউর’ পেয়েছে ‘বেস্ট অলটারনেটিভ’ পুরস্কার। আর ‘ভিডিও ভ্যানগার্ড’ পুরস্কারে সম্মানিত হয়েছে রক ব্যান্ড নির্বানা। 

সূত্র: বিবিসি

আরও পড়ুন

×