সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা পাচ্ছেন লাকী ইনাম
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ | ০১:১৪
নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী লাকী ইনাম। ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা মহিদুল ইসলামের ১৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ২৫ ডিসেম্বর লাকী ইনামের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
এছাড়া অন্যান্য পদকের মধ্যে মঞ্চবন্ধু পদক পাচ্ছেন বাবুল বিশ্বাস, নাদেজদা ফারজানা, সৈয়দ শুভ্র। যুগল সম্মাননা পাচ্ছেন সাজু খাদেম ও প্রৈতি হক, কাজী শিলা ও কাজী চপল, রানু আরা ও শাহীন আহম্মেদ। সম্মাননা প্রসঙ্গে লাকী ইনাম বলেন, 'যে কোনো স্বীকৃতি বেশ আনন্দের। সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়। তবে এই সম্মাননায় আমি একটু বেশি খুশি হয়েছি। কারণ, মহিদুল ইসলাম থিয়েটার অন্তপ্রাণ মানুষ ছিলেন। একসঙ্গে অনেক কাজ করেছি। বিশেষ করে 'বিশ্বনাটক' টিমের একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি। এমন একজন কাছের মানুষের নামে প্রবর্তিত সম্মাননা পাওয়ার অনুভূতিই অন্যরকম।'
সম্মাননা দেওয়া ছাড়াও নানা আয়োজনের মধ্যে এ বছর থাকছে স্মরণ আলোচনা, সংগীতানুষ্ঠান, নাটক প্রদর্শনী। মঞ্চস্থ হবে নওশীন ইসলাম দিশা নির্দেশিত নাটক 'সহবাস'।