ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দিল ইরান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দিল ইরান
×

ইরান এয়ারের একটি উড়োজাহাজ। ছবি: আইআরএনএ

এএফপি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৮

বেসামরিক বিমান চলাচল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে অভিযোগ দিয়েছে ইরান। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। গত বুধবার নিষেধাজ্ঞাটি কার্যকর হওয়ার পর কয়েকটি বড় এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান আবুজার শিরউদি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞাটি অবৈধ। এ কারণে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থায় (আইসিএও) আনুষ্ঠানিকভাবে প্রতিবাদলিপি জমা দেওয়া হয়েছে।

আইসিএও জাতিসংঘের একটি সংস্থা। তারা বেসামরিক বিমান চলাচলের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। শিরউদি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক বিচার আদালতেও অভিযোগ দেওয়া হয়েছে।

তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা রোববার জানান, ইরানের এয়ারলাইন্সগুলো এখনো ৩০টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

আফগানিস্তান, পাকিস্তান, চীন, রাশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডেও ফ্লাইট চলাচল করছে। তবে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত আছে। ইরান থেকে প্রতিদিন একাধিক ফ্লাইট দুবাইয়ে চলাচল করতো। সেখান থেকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ ছিল।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের বিমান চলাচল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। কোনো প্রতিষ্ঠান এই খাতে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

আরও পড়ুন

×