ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা দক্ষিণে সাদিক-উত্তরে সেলিম, জামায়াত সেক্রেটারির ইঙ্গিত

ঢাকা দক্ষিণে সাদিক-উত্তরে সেলিম, জামায়াত সেক্রেটারির ইঙ্গিত
×

মোহাম্মদ সেলিমউদ্দিন ও সাদিক কায়েম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪৩ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২৬

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর সমর্থিত মেয়র প্রার্থী হতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। উত্তরে প্রার্থী হবেন দলটির নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিমউদ্দিন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই আভাস দিয়েছেন।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে কথা বলেন। এর আগে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন পরওয়ার।

কনফারেন্সে বক্তব্য শেষে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জামায়াত স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে ইউনিয়ন, উপজেলা, জেলা, সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে চলে এসেছে। অনেক জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াত অংশগ্রহণ করবে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘সাংগঠনিকভাবে জামায়াতের প্রার্থী মনোনীত করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সময়মতো প্রার্থী ঘোষণা করা হবে। এরই মধ্যে তো গণমাধ্যমে এসেছে জামায়াতের পক্ষ থেকে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়া হচ্ছে।’

ঢাকার দুই সিটির নির্বাচন কবে হবে তা নিশ্চিত হয়নি। নির্দলীয় পদ্ধতিতে হবে নির্বাচন। তবে এর মধ্যেই দলগুলো প্রস্তুতি শুরু করেছে। বিএনপির অনেকেই আগ্রহী হলেও, দল সমর্থিত প্রার্থী ঠিক করার কাজ শুরু করেনি। এনসিপি দক্ষিণে মেয়র পদে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সমর্থন করার কথা জানিয়েছে। 

জোটের সম্ভাবনা নেই জানিয়ে গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্থানীয় নির্বাচনে সব দল আলাদা-আলাদাভাবে নির্বাচন করবে। 

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর প্রসঙ্গে পরওয়ার বলেন, যারা প্রথাগত রাজনীতি করে, এই ভূখণ্ডের ইতিহাস জানে না, তারা এ ধরনের আচরণ করতে পারে।

আরও পড়ুন

×