ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিবৃতিতে ডাকসু ভিপি

সরকারের প্রশ্রয়ে ‘নব্য জমিদারদের’ উত্থান হয়েছে

সরকারের প্রশ্রয়ে ‘নব্য জমিদারদের’ উত্থান হয়েছে
×

ডাকসু ভিপি সাদিক কায়েম। ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০৫

বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্রশ্রয়ে দেশের বিভিন্ন জায়গায় ‘নব্য জমিদারদের’ উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খাজনার মতো চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে।

আজ রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন সাদিক কায়েম। তিনি বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইয়ের ‘অকুতোভয় কণ্ঠস্বর’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে বিএনপির সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর, ছিনতাই ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; সারাদেশে চাঁদাবাজি ও দখলদারির যে ‘ত্রাস’ তৈরি হয়েছে, এটি তারই একটি ভয়াবহ নমুনা।

তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্রশ্রয়ে দেশের প্রতিটি জায়গায় কিছু ‘নব্য জমিদারের’ উত্থান ঘটেছে। তারা যেন দেশটাকে নিজেদের জমিদারি মনে করছে। ব্যবসাপ্রতিষ্ঠানসহ নানা জায়গায় খাজনার মতো চাঁদা দাবি করা হচ্ছে এবং সেই দাবি প্রত্যাখ্যান করলেই হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে।

সাদিক কায়েম বলেন, মানুষের তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন, বছরের পর বছর পরিশ্রমে দাঁড় করানো ব্যবসা কিংবা প্রতিষ্ঠান মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।

সরকারের প্রতি নিজ দলের ‘নব্য জমিদারদের’ লাগাম টেনে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি সরকারের জন্যই মঙ্গলজনক হবে। বাংলাদেশকে আর কারও জমিদারিতে পরিণত হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশ হবে জনগণের।’

আরও পড়ুন

×