ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলেন ডিফেন্ডার তপু

ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলেন ডিফেন্ডার তপু
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩২

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর নিজের ভুলের দায় স্বীকার করে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার শাকিল আহাদ তপু। ম্যাচে মালয়েশিয়ার দুটি গোলের সময় তার ভুলের সুযোগ নেয় প্রতিপক্ষ।

জাকার্তায় ম্যাচ শেষে কোচ থমাস ডুলিও বাংলাদেশের পারফরম্যান্সে ভুলগুলোর কথা উল্লেখ করেছিলেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সেই ভুলের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তপু।

তিনি লিখেছেন, ‘আজ ফুটবল ম্যাচে আমাদের পরাজয়ের পর থেকেই আমার খুব খারাপ লাগছে। এই হারের জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ফুটবল একটি দলীয় খেলা এবং জয়-পরাজয় এরই অংশ। কিন্তু আমার ভুলের কারণে পুরো দল ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি নিজের দায়িত্ব এড়াতে পারি না।’

ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার প্রতিশ্রুতিও দিয়েছেন এই ডিফেন্ডার। তপু বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আমার দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আরও কঠোর অনুশীলন করবো।’

সামনের ম্যাচগুলোতে দলের হয়ে আরও ভালো করার আশ্বাস দিয়ে তিনি লিখেছেন, ‘আগামী ম্যাচগুলোতে যাতে দলের জয়ে আমি অবদান রাখতে পারি, সেই সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। আশা করি, আপনারা আমার এই অনিচ্ছাকৃত ভুলটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আমার আজকের ভুলের জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত।’

আসিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। মালয়েশিয়ার বিপক্ষে হারের পর ওই ম্যাচেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের।

আরও পড়ুন

×