স্কালোনির মুখে মেসির বিদায়ী ম্যাচের গল্প
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪০
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ বলে কথা! উন্মাদনা তো থাকবেই। ওই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার আধঘণ্টার মধ্যে ক্রাশ করেছে টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম। এরই মধ্যে বিশেষ জার্সি উন্মোচন হয়েছে। মোদ্দাকথা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ খেলোয়াড়ের বিদায়ে আয়োজনে কোনো কমতি রাখছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে অবসর ঘোষণার পর জাতীয় দলের জার্সিতে আবার মেসিকে মাঠে নামতে রাজি করানোটা ছিল সবচেয়ে কঠিন কাজ। সেই কঠিন কাজটা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
চলতি আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর বলিভিয়া, ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে হবে ম্যাচগুলো। এর মধ্যে ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে হওয়া ম্যাচটি লিওনেল মেসির বিদায়ী ম্যাচও। গত ৩১ আগস্টে সামাজিক মাধ্যমে ডায়েরির তিন পাতায় লেখা একটি চিঠি পোস্ট করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। বিশ্বকাপ ফাইনালে হারের দুদিন পর সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি। আগস্টের শুরুতে পিতা হোর্হে মেসির মৃত্যুর পরই আকাশি-সাদা জার্সি তুলে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি। পরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় ঘরের মাঠে সমর্থকদের সামনে মেসিকে বিদায় দেওয়ার। ৬ অক্টোবর সে বিদায়ী আয়োজন। স্কোয়াডে থাকলেও প্রথম দুটি ম্যাচ খেলবেন না মেসি।
৩১ আগস্ট অবসরের পর মনে করা হচ্ছিল বিশ্বকাপ ফাইনালই বুঝি দেশের হয়ে মেসির শেষ ম্যাচ। কিন্তু জাতীয় দলের হয়ে আরেকবার মাঠে নামতে তাঁকে রাজি করান কোচ স্কালোনি। সবার কাছে অসম্ভব মনে হলেও স্কালোনি বিষয়টি নিয়ে মেসির সঙ্গে কথা বলেন। দেশের মাটিতে শেষবারের মতো একটি ম্যাচ খেলার অনুরোধ জানান কিংবদন্তিকে।
গত বৃহস্পতিবার বুয়েন্স আয়ার্সে জাতীয় দলের অনুশীলনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সে বিষয়টি তুলে ধরেন কোচ, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যাতে সে ম্যাচটি খেলতে পারে। সে কিসের মধ্য দিয়ে যাচ্ছিল, আমরা সবাই তা জানতাম। তবুও দর্শকদের সামনে থেকে বিদায় নেওয়ার যে ইচ্ছা দেখিয়েছে, তা প্রশংসনীয়। যদি শ্রদ্ধা জানানোর কোনো আয়োজনের কথা ভাবা হয়, তাহলে তা এখনই করা উচিত। কারণ সে খেলা চালিয়ে গেলেও হয়তো কিছুদিন পর তার সেই জাদুকরি প্রভাব আগের মতো থাকবে না।’
তিনি আরও যোগ করেন, ‘তাকে আমরা সাধ্যমতো বুঝিয়েছি যে, কোনো আয়োজন হলে তা এখনই নয়তো কখনও নয়। কারণ পরে কী হবে, তা কেউ জানে না। সে বিষয়টি বুঝতে পেরেছিল, যা খুবই ভালো ব্যাপার।’
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা
- লিওনেল স্কালোনি