সিঙ্গাপুরের বিপক্ষে ১ গোলে পিছিয়ে বিরতিতে হামজারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৮
ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে বিরতিতে ১-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে প্রথমার্ধে শুরুতে ভালো খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। বিপরীতে ৩৫ মিনিটে রায়ান স্টুয়ার্টের হেডে এগিয়ে যায় সিঙ্গাপুর।
ম্যাচের শুরুতে আক্রমণে বেশি সক্রিয় ছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই কর্নার পায় তারা। ১৫ মিনিটে রাকিব হোসেন বল নিয়ে বক্সে ঢুকলেও সতীর্থকে বাড়িয়ে দেওয়ার মতো কাউকে পাননি।
তবে সময় গড়ানোর সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে সিঙ্গাপুর। ১৬ মিনিটে ইলহান ফান্দির শট দুর্দান্তভাবে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। ৩৩ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে সিঙ্গাপুরের ফ্রি-কিকও দারুণভাবে প্রতিহত করেন তিনি।
৩৫ মিনিটে বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল আদায় করে নেয় সিঙ্গাপুর। ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পায় তারা, তবে ডান দিকের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
সিঙ্গাপুরের বিপক্ষে আজ বাংলাদেশ চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। মালয়েশিয়ার বিপক্ষে একাদশে না থাকা অধিনায়ক জামাল ভূঁইয়া শুরু থেকেই খেলছেন। তার সঙ্গে শেখ মোরছালিন, সুকি ইতোফুসা ও জিদান ইউসুফও একাদশে ফিরেছেন। তবে ষষ্ঠ মিনিটেই হলুদ কার্ড দেখেন শমিত সোম।
- বিষয় :
- বাংলাদেশ
- সিঙ্গাপুর
- আসিয়ান কাপ