ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডাকাত আতঙ্কে গ্রামবাসী রাত জেগে পাহারা

ডাকাত আতঙ্কে গ্রামবাসী রাত জেগে পাহারা
×

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫২

| প্রিন্ট সংস্করণ

পাবনার ঈশ্বরদীতে ডাকাতি রোধে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন এলাকাবাসী। উপজেলার গোকুলনগর এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে পালাক্রমে এই পাহারার ব্যবস্থা করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত কয়েকদিন ধরে গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ চক্রের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেছেন তারা। সম্প্রতি এই-সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সাধারণ মানুষ।

এমন পরিস্থিতিতে পরিস্থিতি মোকাবিলা করতে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় যুবকরা। প্রায় ৫০ জন যুবকের সমন্বয়ে দল গঠন করে এলাকার প্রবেশপথ ও অলিগলিতে নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার খবর দ্রুত ছড়িয়ে দিতে বিশেষ যোগাযোগব্যবস্থাও চালু করা হয়েছে। একই সঙ্গে অপরিচিত কারও গতিবিধি নজরে এলে পুলিশকে জানানোর অনুরোধ জানিয়ে এলাকায় মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম (আক্কেল মালিথা) বলেন, ‘গোকুলনগর এলাকাটি পদ্মা নদীর চরাঞ্চলের কাছাকাছি। সম্প্রতি এই এলাকায় অপরাধমূলক অপতৎপরতা ও ডাকাত আতঙ্ক বেড়ে যাওয়ায় আমরা নিজেদের সুরক্ষায় নিজ উদ্যোগে রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
শেখ মজনু নামের আরেক বাসিন্দা জানান, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম্য মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দফায় দফায় সচেতনতামূলক মতবিনিময় সভা করা হয়েছে। সোলেমান মণ্ডল, আব্দুর রহমান ও আব্দুল কুদ্দুস সানাসহ একাধিক গ্রামবাসী জানান, গভীর রাতে অস্ত্রধারী ও মুখ বাঁধা সন্দেহভাজন ব্যক্তিদের চলাফেরা এলাকার সাধারণ মানুষকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। এর ফলে গ্রামের সব শ্রেণির মানুষ একজোট হতে বাধ্য হয়েছেন। স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাহারার গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করার দাবি জানান তারা।
ওসি আশাদুর রহমান আসাদ বলেন, ‘ডাকাত চক্রের উপস্থিতির খবর পাওয়ার পর সেখানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ডাকাতিসহ যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে।’

আরও পড়ুন

×