ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে অসুস্থ স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতার হাসপাতালে মৃত্যু

কারাগারে অসুস্থ স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতার হাসপাতালে মৃত্যু
×

ছবি: সংগৃহীত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৯

কিশোরগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতা মারা গেছেন। নিহত খাইরুল আমিন রুহুল সরকার (৫৫) কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত খাইরুল আমিন রুহুল সরকার কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত উসমান গণির ছেলে। তিনি কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক এবং কটিয়াদী দলিল লেখক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই নুরুল আমিন জানান, কারাগারে থাকা অবস্থায় কিছুদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।

নুরুল আমিন বলেন, শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। একপর্যায়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পর রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর দুপুরে কটিয়াদী মডেল থানা পুলিশ খাইরুল আমিন রুহুল সরকারকে গ্রেপ্তার করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার নাশির আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খাইরুল আমিন রুহুল সরকার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় প্রথমে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পুলিশি ব্যবস্থাপনায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×