ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

২৫ কোটি টাকা আত্মসাৎ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও চার জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও চার জনের সাক্ষ্য
×

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪২

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। 

আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত সাক্ষ্যগ্রহণ করেন। আগামী ৪ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত। 

মামলার আসামিরা হলেন- সাবেক মন্ত্রী জাবেদেও স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬) ও রোকসানা জামান চৌধুরী (৫৬), সাবেক পরিচালকদের মধ্যে আরও আছেন- বশির আহমেদ (৫৫), সাবেক চেয়ারম্যান এম এ সবুর (৭৭), সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী (৬৪) প্রমুখ।

দুদক পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, ইউসিবিএল ব্যাংকের অর্থ আত্মসাতের দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আজ রোববার আরও ৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষ জেরা করেছেন। এখন পর্যন্ত এ মামলায় ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামে একটি ব্যাবসাপ্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরবর্তীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে সেই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কিনে নেন। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান মামলাটি দায়ের করেন। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়।

আরও পড়ুন

×