চট্টগ্রামে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন, কারাগারে ৭ জন
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৮
চট্টগ্রামে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় তিন নারীসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও শিশু আদালত পৃথক আদেশে তাদের কারাগারে পাঠান।
রোববার দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালনকালে তাদের আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থক।
আটক ব্যক্তিরা হলেন- আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।
পুলিশ জানায়, ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ করা নুরুল হাকিম রাব্বি পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নেন। পরে কেক কাটার পর বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার নিয়ে বৃদ্ধদের খাওয়াতে গেলে তাকে আটক করা হয়। এরপর একই ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ সাতজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সোমবার আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
- বিষয় :
- শেখ হাসিনা
- জন্মদিন
- কারাগার