ট্রাম্প সবচেয়ে 'বিপজ্জনক' প্রেসিডেন্ট: স্যান্ডার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০১৯ | ০৮:০৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে 'সবচেয়ে বিপজ্জনক' প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন ডেমোক্র্যাট দলীয় সিনেটর বার্নি স্যান্ডার্স।
শনিবার যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নের প্রচারণা সমাবেশে দেওয়া বক্তব্য উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই প্রচার অভিযানে যোগ দেয়ায় আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু ডেমোক্র্যাটদের মনোনয়ন পাওয়ার লড়াই নয়, এটা ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার সংগ্রাম। তিনি আধুনিক আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট।’
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মস্থান নিউইয়র্কের ব্রুকলিনে বক্তব্য দেয়ার সময় স্যান্ডার্স দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে তার বক্তব্য তুলে ধরেন। তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হওয়ার জন্য জনাকীর্ণ সমাবেশে প্রথমবারের মতো বক্তৃতা করেন। জনসভায় কয়েক হাজার লোকের সমাগম ঘটে।
সমর্থকদের উদ্দেশ্যে স্যান্ডার্স বলেন, ‘তবে আপনাদের সহায়তায় আমরা এই দেশে এমন একটি অর্থনৈতিক ভিত্তি ও সরকার গঠন করতে যাচ্ছি যে সরকার শুধু এক শতাংশ লোকের জন্য নয়, বরং আমাদের সবার জন্যই কাজ করবে।’
খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা স্যান্ডার্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ‘বিলাসবহুল আকাশচুম্বি ভবন, ক্যাসিনো নির্মাণের জন্য কোটি কোটি অর্থ যোগান দেয়ার মতো আমার কোটিপতি বাবা ছিল না। আমি এমন পরিবারে জন্মগ্রহণ করিনি যেই পরিবার আমাকে তিন বছর বয়স থেকেই প্রতি বছরে ২ লাখ মার্কিন ডলার হাতখরচ দেবে।’
প্রসঙ্গত, ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে লড়তে চেয়েছিলেন বার্নি স্যান্ডার্স। তবে প্রার্থী হওয়ার দৌঁড়ে হিলারি ক্লিনটনের কাছে হেরে যান তিনি।