প্রিয়াঙ্কা বললেন ‘রাবিশ’
প্রিয়াঙ্কা গান্ধী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯ | ১০:৩৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ | ১১:২৩
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি নাগরিকত্বের অভিযোগের ভিত্তিতে সরকারের নোটিশ জারির ঘটনাকে ‘রাবিশ’ বলে মন্তব্য করেছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।
মঙ্গলবার উত্তর প্রদেশে আমেথীতে রাহুলের নির্বাচনি প্রচারের সময় তিনি এমন মন্তব্য করেন। খবর এনডিটিভির
এ ঘটনায় প্রিয়াঙ্কা বলেন, পুরো দেশের মানুষ জানে রাহুল ভারতেই জন্মেছে। এখানেই বড় হয়েছে। রাহুল ভারতের নাগরিক।
রাহুল ব্রিটিশ নাগরিক বলে বহু আগে থেকেই অভিযোগ করে আসছেন বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামী। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কংগ্রেস সভাপতিকে নিজেদের বক্তব্য জানাতে বলেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে নাগরিকত্ব বিভাগের অধিকর্তা বি সি যোশী বলেছেন, ২০০৩ সালে ব্রিটেনে ব্যাক আপস লিমিটেড নামে একটি কোম্পানি তাদরে কাজ শুরু করে। আপনি সেই কোম্পানির একজন পরিচালক। এই কোম্পানির একজন পরিচালক হিসেবে আপনি নিজের জন্মের তারিখ ১৯৭০ সালের ১৯ জুন উল্লেখ করেছেন। পাশাপাশি ২০০৫ সালের ১০ অক্টোবর থেকে ২০০৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই কোম্পানির আয়কর রিটার্নও জমা পড়েছে। এ ব্যাপারে যাবতীয় তথ্য জানাতে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে।
চিঠিতে ১৫ দিনের মধ্যে রাহুলকে নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে।
২০১৫ সাল থেকেই বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী রাহুলের নাগরিকত্ব নিয়ে অভিযোগ করে আসছেন। তিনি বলছেন, রাহুল ব্রিটেনের নাগরিক।
রাহুল বলেছিলেন, সুব্রহ্মণ্যম দেশকে ভুল বোঝানোর চেষ্টা করছেন।
এবার নির্বাচনী প্রক্রিয়ার মাঝেই আবার প্রকাশ্যে এলো বিষয়টি।
এবার দুটি আসন থেকে লড়ছেন রাহুল। তার মধ্যে কেরালার ওয়ানাদ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। আর আমেথির ভোট এখনও বাকি।