হংকংয়ে দুই ডিস্ট্রিক্ট কাউন্সিলরসহ গ্রেপ্তার ৮
সমাবর্তন অনুষ্ঠান বাতিলের পর শিক্ষার্থীদের বিক্ষোভ-এপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০ | ০৩:০৬ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ | ০৪:১২
গত মাসে হংকংয়ে চীনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতন্ত্রপন্থী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই ডিস্ট্রিক্ট কাউন্সিলরসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার তাদের গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম হংকং ফ্রি প্রেসের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
গ্রেপ্তারকৃতদের মধ্যে স্নাতক শিক্ষার্থী ও সংগঠক আর্থার ইয়েংও রয়েছেন। ইয়েংকে সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান বাতিল হওয়ার পরে গত ১৯ নভেম্বর প্রায় ১০০ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছিলেন।
বৃহস্পতিবার অ্যাপল ডেইলি পত্রিকার প্রতিষ্ঠাতা মিডিয়া মোগুল জিমি লাইয়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ও তার পরে জামিন প্রত্যাখ্যান করার পরই আটজনকে গ্রেপ্তার করা হলো। আগস্টেও বিতর্কিত জাতীয় সুরক্ষা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
বেইজিংপন্থী প্রশাসন সাম্প্রতিক সময়ে গণতন্ত্রপন্থী নেতাকর্মী ও রাজনীতিবিদদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।জাতীয় সুরক্ষা আইন পাস হওয়ার পর থেকেই সেখানে বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতীয় সুরক্ষা আইন কার্যকর করার পরে অক্টোবরে বেশ কয়েকজন প্রাক্তন গণতন্ত্রপন্থী আইনবিদকেও গ্রেপ্তার করা হয়।
গত ১ জুলাই চীনের পার্লামেন্টে আইনটি পাস হয়।
আন্তর্জাতিক মহল বলছে, ওই আইনে দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রদ্রোহিতা নিষিদ্ধ করা হয়েছে। এর অধীনে হংকংয়ের আইন প্রণেতা ছাড়াই সেসব অপরাধে অভিযুক্তদের সাজা দেওয়ার সুযোগ পাবে চীনা কর্তৃপক্ষ।