ডেনমার্কে ২০১০ সালে জন্ম নেওয়াদের কাছে সিগারেট বিক্রি বন্ধ হচ্ছে
ছবি: দ্য গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২২ | ০১:৩৫ | আপডেট: ১৬ মার্চ ২০২২ | ০১:৩৫
ভবিষ্যৎ প্রজন্মকে তামাকমুক্ত করতে নতুন পরিকল্পনা করছে ডেনমার্ক। পরিকল্পনার অংশ হিসেবে ২০১০ সালে বা এর পরে জন্মেছে এমন নাগরিকের কাছে সিগারেট এবং অন্য নিকোটিনজাত পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞার কথা ভাবছে দেশটি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ম্যাগনাস হিউনিক সাংবাদিকদের বলেছেন, আমাদের আশা ২০১০ সাল বা তার পরে জন্মেছে এমন নাগরিকরা ধূমপান না শুরু করুক বা নিকোটিনজাত পণ্য ব্যবহার না করুক। যদি প্রয়োজন হয় আমরা ক্রমান্বয়ে বয়সসীমা বাড়িয়ে এই প্রজন্মের কাছে এই ধরনের পণ্য বিক্রি নিষিদ্ধ করতে প্রস্তুত আছি। খবর দ্য গার্ডিয়ানের।
বর্তমানে ডেনমার্কের নাগরিকদের বয়স ১৮ না হলে সিগারেট বা ই-সিগারেট কিনতে পারে না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সী নাগরিকদের প্রায় ৩১ শতাংশ ধূমপায়ী।
৫৮ লাখ জনসংখ্যার এই নর্ডিক রাষ্ট্রের ক্যান্সারের প্রধান কারণ ধূমপান এবং দেশটিতে প্রতি বছর ক্যান্সারে ১৩ হাজার ৬০০ মানুষ মারা যায়। ডেনিস ক্যান্সার সোসাইটির চালানো একটি জরিপে দেখা যায়, ৬৪ শতাংশ মানুষ সরকারের পরিকল্পনার পক্ষে মত দিয়েছেন। এদের মধ্যে ৬৭ শতাংশের বয়স ১৮ থেকে ৩৪ বছর।
এছাড়া দেশটির সোস্যাল ডেমোক্রেটিক সরকার যুবকদের অ্যালকোহল সেবনের বিষয়টি নিয়েও পরিকল্পনা করছে। যেমন ১৬.৫ শতাংশেরও কম অ্যালকোহলযুক্ত পানীয় কেনার বৈধ বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ করার পরিকল্পনা রয়েছে সরকারের।