ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলি হামলায় নিহত ইসলামিক জিহাদের কমান্ডার কে এই আল-জাবারি?

ইসরায়েলি হামলায় নিহত ইসলামিক জিহাদের কমান্ডার কে এই আল-জাবারি?
×

তাইসির আল-জাবারি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২ | ২২:৩৫ | আপডেট: ০৫ আগস্ট ২০২২ | ২২:৩৫

তাইসির আল-জাবারি। ফিলিস্তিনের গাজার সংগঠন ইসলামিক জিহাদের শীর্ষস্থানীয় কমান্ডার। শুক্রবার গাজার একটি আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় তিনি নিহত হন। তিনি সংগঠনটির রকেট অস্ত্রাগারের প্রধান ছিলেন, হামাসের সঙ্গে প্রাথমিক সমন্বয়কারীর দায়িত্বেও ছিলেন। খবর জেরুজালেম পোস্টের।

জাবারি অপর ইসলামিক জিহাদ কমান্ডার বাহা আবু আল-আতার স্থলাভিষিক্ত হন। যিনি ইসরায়েলের হামলায় ২০১৯ সালের নভেম্বরে নিহত হয়েছিলেন।

৫০ বছর বয়সি জাবারি কয়েক দশক ধরেই সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। যিনি ধীরে ধীরে ইরানের মদদপুষ্ট এ সংগঠনের শীর্ষ পদে চলে আসেন। যে সংগঠনের নেতা বাস করেন সিরিয়ায়।

দাফনের জন্য নেওয়া হচ্ছে জাবারির মরদেহ। ছবি: এএফপি

ধারণা করা হয়, তিনি অ্যান্টি-ট্যাংক মিসাইল ব্যাবহার করে ইসরায়েলে উল্লেখযোগ্য হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, পশ্চিম তীরে ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ এক নেতাকে গ্রেপ্তারের কয়েক সপ্তাহ আগেই জাবারির পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছিল। তবে পশ্চিম তীর থেকে ইসলামিক জিহাদের নেতা গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা বেড়ে যায়।

গত বছর—গাজা ও ইসরায়েলের মধ্যে সংঘাতের সময় জাবারির নেতৃত্বে পরিচালিত একটি ইউনিট থেকে গাজার সীমান্তে একটি গাড়িতে হামলা চালানো হয়েছিল। যেখানে আহত হয়েছিলেন এক ইসরায়েলি।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল র‌্যান কোচাভ বলেন, অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালের সময় জাবারি হামলার নেতৃত্ব দিয়েছিলেন এবং ইসরায়েলের অভিমুখে শত শত রকেট ছোড়া বিষয় তদারকি করেছেন। 

এদিকে জাবারির হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল-নাখালা।

যে ভবনটি হামলার শিকার। ছবি: এএফপি

জিয়াদ বলেন, আমরা যুদ্ধের দিকে যাচ্ছি। এ বিমান হামলার পর কোনো যুদ্ধবিরতি বহাল নেই।এ যুদ্ধের ফল ফিলিস্তিনিদের পক্ষে আসবে। শত্রু যুদ্ধ আশা করে, যুদ্ধবিরতি নয়।

আল জাজিরার খবরে বলা হয়, গাজায় শুক্রবার ইসরায়েলের হামলায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচ বছর বয়সি এক মেয়ে শিশু ও ২৩ বছর বয়সি এক নারী রয়েছেন।

আরও পড়ুন

×