ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার আদালতে যাবেন ট্রাম্প

মঙ্গলবার আদালতে যাবেন ট্রাম্প
×

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩ | ০৮:৩৪ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ | ০৮:৩৪

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সোমবার তার ফ্লোরিডা রিসোর্ট ছেড়ে নিউইয়র্ক যাবেন আর সেখান থেকেই তিনি আদালতে হাজির হবেন।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় নিউইয়র্ক পোস্ট।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, 'আমি সোমবার দুপুর ১২টায় মার-এ-লাগো ছেড়ে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে যাচ্ছি। আর মঙ্গলবার সকালে কোর্টহাউসে যাচ্ছি।' 

ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনা প্রতিশ্রুতি দিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে যেকোনও অভিযোগের বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করা হবে। স্থানীয় সময় রোববার এবিসি-র দিস উইক অনুষ্ঠানে টাকোপিনা বলেন, ‘তিনি এমন একজন মানুষ যিনি এই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে চলেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা এই লড়াইয়ের জন্য প্রস্তুত। এবং আমি তাকে অব্যাহতি দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটির অপেক্ষায় আছি।’

জানা যায়, একজন পর্নো তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এই ঘটনা ঘটেছিল। তবে অভিযোগের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টর্মি ড্যানিয়েলস নামে ওই নারীর সঙ্গে তার সম্পর্ক গোপন রাখার বিনিময়ে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার অর্থ প্রদান করেছেন। বিষয়টি তদন্তের পর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার পক্ষে ভোট দেয়।

৭৬ বছর বয়সী ট্রাম্প অবশ্য তার বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছেন। আর সব কিছু কাটিয়ে ট্রাম্পই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট যিনি দেশটিতে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন।

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালে স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টাসহ ব্যবসায়িক জালিয়াতির সাথে সম্পর্কিত ৩০ টিরও বেশি অভিযোগের মুখোমুখি হবেন ট্রাম্প।

মামলার সঙ্গে পরিচিত সূত্রগুলো মার্কিন মিডিয়াকে জানিয়েছে, সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম ডিগ্রিতে ব্যবসায়িক রেকর্ড জাল করার অভিযোগ আনা হচ্ছে। এটি মূলত মার্কিন আইনের অধীনে একটি অপরাধ।

অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনও প্রকাশ করা হয়নি। টাকোপিনাও বলেছেন, তিনি নিজে এখনও অভিযোগগুলো দেখেননি।

আরও পড়ুন

×