লিথুয়ানিয়ার রাজধানীতে কার্গো বিমান বিধ্বস্ত, ক্রু সদস্য নিহত
ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৪:৫৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ১৫:২৬
লিথুয়ানিয়ায় ডিএইচএলের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটায় রাজধানীর দক্ষিণে জিরনিউ স্ট্রিটের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
দেশটির ভিলনিয়াস বিমানবন্দরের কাছেই অবস্থিত একটি বাড়িতে ডিএইচএলের ওই কার্গো প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেন বিধ্বস্তের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
সিএনএন তথ্য অনুযায়ী, জার্মানির লেইপজিগ থেকে উড্ডয়ন করা এই কার্গো বিমানটি ভিলনিয়াস বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে কয়েক কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরের উপকণ্ঠে সোমবার ভোরে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। অবতরণের সময় বিমানটি একটি বাড়িতে আঘাত হানলে এটি আগুন লেগে যায়। এবং এতে একজন ক্রু সদস্য নিহত হন। তবে পাইলটসহ ফ্লাইটে থাকা আরও তিনজন এই দুর্ঘটনায় বেঁচে গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বাড়ির ১২ সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান রেনাটাস পোজেলা সাংবাদিকদের বলেন, একটি আবাসিক বাড়িতে আঘাত করার আগে বিমানটি কয়েকশ মিটার মাটিতে পিছলে গিয়েছিল। দুর্ঘটনার পর দুইজন ক্রু সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আরোহী চারজনেরই খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া মাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর থেকে এক মুখপাত্র বলেছেন, ভিলনিয়াস বিমানবন্দরের কাছে চলমান উদ্ধারকাজের কারণে বেশ কয়েকটি বিমানের প্রস্থান বিলম্বিত হয়েছে। তবে সমস্ত নির্ধারিত ফ্লাইটই টেক অফ করছে।
- বিষয় :
- বিমান বিধ্বস্ত
- লিথুয়ানিয়া