ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেঘালয়ে বাংলাদেশি সন্দেহে শিশু ও ৬ নারীসহ ১১ জন আটক

মেঘালয়ে বাংলাদেশি সন্দেহে শিশু ও ৬ নারীসহ ১১ জন আটক
×

ফাইল ছবি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে এক শিশু ও ছয় নারীসহ ১১ জনকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। তাদের সঙ্গে সন্দেহভাজন এক স্থানীয় দালালকেও আটক করা হয়েছে। গতকাল বুধবার পশ্চিম জয়ন্তিয়া হিলস জেলার আমলারেম মহকুমার লাড আমটাপোহ এলাকায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

পশ্চিম জয়ন্তিয়া স্টুডেন্টস ইউনিয়নের (পিজেএসইউ) সদস্যরা ওই ১১ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। সংগঠনটির দাবি, আটক ব্যক্তিদের কারও কাছেই বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি।

সংগঠনটির সদস্যদের ভাষ্য, ডাউকি সড়কে তাদের একটি চেকপোস্ট দেখে একটি গাড়ির চালক যাত্রীদের মাঝপথে নামিয়ে দেন। পরে তাদের কাছের জঙ্গলে লুকিয়ে থাকতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংগঠনের সদস্যরা গাড়িটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে ওই ১১ জনকে আটক করা হয়।

পিজেএসইউর দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাউকি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা জানিয়েছেন। তবে তাদের জাতীয়তা ও পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরে তাদের আমলারেম থানায় হস্তান্তর করা হয়।

এদিকে সীমান্ত দিয়ে কথিত অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিন্নেউত্রেপ ইয়ুথ কাউন্সিল। সংগঠনটি ডাউকি সীমান্তে বিএসএফ ও মেঘালয় পুলিশের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছে।

সংগঠনটির সভাপতি রয়কুপার সিনরেমের দাবি, সম্প্রতি ভারতের আসাম রাজ্যে আটক ২৭ জনও বাংলাদেশি সন্দেহে ছিলেন এবং তারা ডাউকি হয়ে ভারতে প্রবেশের কথা জানিয়েছিলেন। তার দাবি, ডাউকি থেকে মেঘালয় হয়ে জোড়াবাটের মাধ্যমে আসামে যাওয়ার এই রুটে নজরদারি বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন

×