ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক দিনে যুক্তরাজ্যে ঢুকল ৭৮১ অভিবাসী
ইংলিশ চ্যানেল পেরিয়ে ফরাসি উপকূল থেকে মাত্র একদিনেই ৭৮১ জন অনিয়মিত অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন
আনাদোলু এজেন্সি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৭
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক দিনে রেকর্ড ৭৮১ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। বুধবার ১০টি ছোট নৌকায় করে তারা দেশটিতে প্রবেশ করেন। চলতি বছরে এক দিনে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর ক্ষেত্রে এটিই সর্বোচ্চ সংখ্যা।
বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ৭৫২ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। গত ২৯ জুলাই নয়টি ছোট নৌকায় করে তারা যুক্তরাজ্যে পৌঁছান। নতুন রেকর্ডের মাধ্যমে সেই সংখ্যাও ছাড়িয়ে গেল।
ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে হোম অফিস।
তবে এক দিনে রেকর্ডসংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছালেও চলতি বছরে এখন পর্যন্ত সামগ্রিকভাবে ইংলিশ চ্যানেল পারাপারের সংখ্যা কমেছে। হোম অফিসের হিসাবে, এ বছর এখন পর্যন্ত ১৮ হাজার ৫০০-এর বেশি অভিবাসী চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪৫ শতাংশ কম।
- বিষয় :
- যুক্তরাজ্য
- অভিবাসী