ক্ষিপ্ত নেতানিয়াহুকে আবারও গণহত্যার কথা মনে করিয়ে দিলেন মামদানি
জাতিসংঘে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের জবাব দিয়েছেন জোহরান মামদানি। ছবি: এএফপি/কোলাজ
টাইমস অব ইসরায়েল
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৯
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের জবাব দিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, নেতানিয়াহু মিথ্যা তথ্যের পুনরাবৃত্তি করেছেন। তাঁর উদ্দেশ্য, ফিলিস্তিনের গণহত্যাকে ‘স্যানিটাইজ’ বা স্বাভাবিক ঘটনা হিসেবে তুলে ধরা।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে মামদানি বলেন, ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা আছে। কোনো মিথ্যাই এই সত্যকে পরিবর্তন করতে পারবে না।’
এর আগে নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। সেখানে তিনি নিউইয়র্কে বসবাসরত ইহুদিদের জন্য মামদানিকে হুমকি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তোলেন।
ইসরায়েলের কট্টর সমালোচক মামদানি গত জানুয়ারি থেকে মেয়রের দায়িত্বে আছেন। ভাষণের একটি অংশে নেতানিয়াহু বলেন, মামদানির কারণে নিউইয়র্কে ইহুদিরা আর নিরাপদ বোধ করছেন না।
এরপর মামদানিকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত নেতানিয়াহু বলেন, ‘আপনি বারবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন। আমার এখানে (জাতিসংঘ) আসা ঠেকানোর চেষ্টা করেছেন। আমাকে নীরব করার চেষ্টা করেছেন। কিন্তু আপনি আমাকে নীরব করতে পারবেন না। সত্যকেও চাপা রাখতে পারবেন না।’
নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল কোনো গণহত্যা করেনি; বরং গণহত্যা ঠেকিয়েছে। মামদানির হামাস ঘনিষ্ঠদের ঠেকানো না গেলে তারা আমাদের প্রত্যেককে হত্যা করত।’
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের আগে গত বুধবার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন মামদানি। গাজা উপত্যকা থেকে আসা একটি পরিবারের সঙ্গে তাঁকে সরকারি বাসভবনে জলপাই গাছ লাগাতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘গাজা থেকে আসা ফিলিস্তিনি পরিবারগুলোর সঙ্গে গ্রেসি ম্যানশনে একটি জলপাই গাছ লাগিয়েছি। আমাদের ভবিষ্যৎ শান্তিময় হোক।’