ঢাকার দুই মহানগরে পদযাত্রায় বিএনপি নেতারা
সরকার যত কিছু করুক, ক্ষমতায় থাকতে পারবে না
বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ১৮:০০
বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথক পদযাত্রা কর্মসূচি পালন করেছে। জনইস্যুভিত্তিক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে একদিকে সাধারণ মানুষের সমর্থন আদায়ে যেমন বিভিন্ন কৌশল রয়েছে, তেমনি আগামীতে এক দফার আন্দোলনকে যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে চাইছে দলটি। এ দিন ঢাকায় নিজেদের সাংগঠনিক শক্তিমত্তা দেখিয়েছেন দুই সংগঠনের নেতাকর্মীরা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দলটির চলমান আন্দোলনে ঢাকার দুই প্রান্তে অনুষ্ঠিত এ পদযাত্রায় নেতাকর্মীদের ঢল নামে।
দুই পদযাত্রায় বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, এই সরকারের সঙ্গে জনগণ নেই। আজকে তারা নাকি শান্তি সমাবেশ করছে। সেখানে কোনো লোকজন নেই। বিএনপির এক পদযাত্রায় যত লোক হয়, তার অর্ধেকও ওদের সভায় যায় না। তারা আজ ক্ষমতায় টিকে থাকার জন্য যা খুশি তাই করছে। সব কিছুকে তছনছ করে দিচ্ছে। কিন্তু যত কিছুই করুক না কেন, ক্ষমতায় থাকতে পারবে না।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে ১০ নং গোলচত্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও পর্যন্ত পদযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, গুম, খুন, হামলা, মামলা, গ্রেপ্তার, হয়রানি করে এ সরকার টিকে রয়েছে। এদের কারণে আমেরিকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এটা জাতি হিসেবে লজ্জার, সম্মানের নয়। এটা আওয়ামী লীগের জন্য বিশ্ববাসীর ধিক্কার।
খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অতীতে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। নির্বাচনের নামে তারা ভোট চুরি-ডাকাতি করেছে। এখন তারা বিদেশিদের খুশি করতে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। দেশের জনগণ ও বিশ্ববাসী জানে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রশ্নই ওঠে না।
পদযাত্রায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির প্রত্যেক থানা, ওয়ার্ড আর ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুপুরের আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্দিষ্ট স্থানে আসতে থাকেন। রোদের খরতাপে তাঁরা মিছিলে আর স্লোগানে মুখরিত করে তোলেন ঢাকার দুই মেরু। সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নেতাকর্মীরা হাতে হারিকেন, হাতপাখা; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে থালা, বাসন এবং রাজধানীর বিভিন্ন স্থানে পানির প্রবল সংকটকে তুলে ধরার জন্য কলস নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় লাঠিতে বাঁধা জাতীয় পতাকাও কারও কারও হাতে দেখা যায়।
উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় পদযাত্রায় অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলীসহ অনেকে।
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আজিমপুর স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানীটোলা মাঠ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, আজকে বাংলাদেশ নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন। বাংলাদেশ নিয়ে এমন কোনো কাজ করবেন না, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালামের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক মীর সরাফত আলী সপু, যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- বিষয় :
- পদযাত্রা