ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধাপরাধীদের নিয়ে চললে বিএনপির সফলতা পাওয়া কঠিন: বাণিজ্যমন্ত্রী

যুদ্ধাপরাধীদের নিয়ে চললে বিএনপির সফলতা পাওয়া কঠিন: বাণিজ্যমন্ত্রী
×

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি- ফাইল ছবি

রংপুর অফিস

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯ | ১৪:৪০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ | ১৪:৪২

যুদ্ধাপরাধীদের নিয়ে বিএনপি এগিয়ে যেতে পারবে না মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এ দেশটাকেই যারা চায়নি, তাদের নিয়ে দল করলে বিএনপির সফলতা পাওয়া কঠিন। বিএনপি সুন্দর রাজনীতি করুক। এতে তাদের স্বাগত জানাই। তারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকুক, ভালো বিরোধীদলের ভূমিকা রাখুক।

রোববার সকালে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনে হেরে যাওয়ার পর বিএনপি বলছে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। পুরনো অভিজ্ঞতা থেকে জানি, নির্বাচনে জিতলে বলে নায্য ভোট হলে আরও বেশি ভোটে জিততাম। আর হেরে গেলে বলে কারচুপির মাধ্যমে জয় নিজেদের পক্ষে নিয়েছে।

টিপু মুনশি বলেন, যারা আমাদের সম্পর্কে বিষোদগার করছে, তারা উপজেলা নির্বাচনে আসুক। পরীক্ষা করে দেখুক। আমার মতে তাদের নির্বাচনে আসা উচিত। দলকে ধরে রাখতে গেলে গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনে আসা ছাড়া কোনো বিকল্প নেই।

পরে তিনি আরডিআরএস মিলনায়তনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন সম্পর্কিত দিনব্যাপী বিভাগীয় কর্মশালায় যোগ দেন। এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্ভুদ হয়ে এসডিজি অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। মূখ্য আলোচক ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছ উল আলম মণ্ডল, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।

বক্তারা, বাস্তবায়নযোগ্য কর্মসূচির পরিকল্পনা গ্রহণ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সুশাসন ও প্রাকৃতিক সম্পদের ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় এসডিজি অর্জনে রংপুর বিভাগের আট জেলার কর্মপরিকল্পনা বাস্তবায়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।

আরও পড়ুন

×