ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়াকে গিনিপিগ বানিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

খালেদা জিয়াকে গিনিপিগ বানিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী
×

জাতীয় প্রেসক্লাবে ‘মায়ের কান্না’র মানববন্ধন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৩:০৩ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৩:১১

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে তাঁকে বিএনপি গিনিপিগ বানিয়েছে, দাবার গুটি বানিয়েছে। আসলে খালেদা জিয়া সুস্থ হোক সেটা দলটির নেতারা চান না। তারা চান তিনি আরও অসুস্থ থাকুক যাতে তারা রাজনীতিটা করতে পারেন।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ের কান্না’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘মায়ের কান্না’র আহ্বায়ক কামরুজ্জামান লেলিনের সভাপতিত্বে মানববন্ধনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম এবং স্বজনহারা সদস্যরা বক্তব্য দেন।

ড. হাছান বলেন, বিএনপি কয়েক দিন থেকে বলছে যে, খালেদা জিয়ার অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তিনি যতবার অসুস্থ হয়েছেন, বিএনপি বলেছে উনাকে বিদেশ না নিলে মারা যাবেন। আর ততবারই উনি হাসপাতাল থেকে ভালো হয়ে বাড়িতে ফিরে গেছেন।

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। বিদেশ নেওয়াটা আদালতের এখতিয়ার। আদালতের আদেশ ছাড়া তিনি তো বিদেশ যেতে পারেন না। সুতরাং এ নিয়ে দয়া করে রাজনীতি করবেন না।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘দেশে আবার সন্ত্রাসের পরিকল্পনা করা হয়েছে। বিএনপি আবার অগ্নিসন্ত্রাস, সন্ত্রাসের পরিকল্পনা গ্রহণ করেছে। ক’দিন হাঁটা কর্মসূচি, ক’দিন বসা কর্মসূচি, ক’দিন দাঁড়ানো কর্মসূচি দিয়ে মানুষকে যে সম্পৃক্ত করা যায় নাই সেটি তারা বুঝতে পেরেছে। তাই এখন দেশকে অস্থিতিশীল করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং বিশ্ববেনিয়ারা যাতে ফায়দা লুটতে পারে সে জন্য তারা সন্ত্রাসের পরিকল্পনা করছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগ রাজপথে আছে, রাজপথে থাকবে, কাউকে আর ২০১৩-১৪-১৫ সালের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

আরও পড়ুন

×