মৌলবাদী শক্তি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে: তাপস
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শেখ ফজলে নূর তাপস-ইউএনবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০২:৪১
বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। খবর ইউএনবির
ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, মৌলবাদী প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক শক্তি এই বাংলার মাটিতে এখনও বিরাজমান এবং যখনই তারা সুযোগ পাচ্ছে, তখনই সাপের মতো দংশন করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার চেষ্টা করছে। সুতরাং, যতদিন না এই সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তিকে বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা না যায় ততদিন আমাদের আরও সচেষ্ট ও সজাগ থাকতে হবে।
তাপস বলেন, শহীদ বুদ্ধিজীবীসহ যে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের সেই আত্মত্যাগের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকের এই বাংলাদেশ আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিনির্মাণের এক উজ্জ্বল উদাহরণের বাংলাদেশ। শহীদ বুদ্ধিজীবীরা বেহেস্ত থেকে, জান্নাতবাসী হয়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে এগিয়ে যাওয়া এই বাংলাদেশ নিশ্চয় দেখতে পাচ্ছেন।
শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। আমি তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামান, ব্যারিস্টার এ কে এম রবিউল হাসান সুমন, ব্যারিস্টার মো. শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আবদুর রাজ্জাকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারা, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলীসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বুদ্ধিজীবী দিবস
- ডিএসসিসি
- শেখ ফজলে নূর তাপস