সংঘর্ষের ঘটনায় দায়িত্বহীন ছিল পুলিশ: ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ১১:৪০ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ১১:৪০
গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়িত্বহীনতা ছিল। পুলিশের পক্ষপাতিত্বমূলক আচরণে সংঘাত ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। যার কারণে একজনের প্রাণহানি এবং অনেকে আহত হয়েছেন। পুরো দেশেই অরাজকতা, দুর্নীতি, বিচারহীনতা, অর্থ পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার চরম অবনতি হচ্ছে।
বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেনের ৮৭তম জন্মদিনে বুধবার দলটির নেতারা ফুলেল শুভেচ্ছা জানানোর সময় তিনি এসব কথা বলেন। সকালে ড. কামালের বাসভবনে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ড. কামাল গণফোরামের এই অংশের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, জনগণ জানমালের নিরাপত্তাহীনতার দুরবস্থা থেকে রক্ষা করতে হলে দেশের মালিক জনগণের ক্ষমতায়ন অতীব জরুরি। জনপ্রতিনিধিত্বমূলক সরকারের কোনো বিকল্প নেই। আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সারাজীবন ঐক্যের কথা বলেছি, ঐক্য চেয়েছি। এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা উদ্যোগ নিন, আপনাদের পাশে থাকব।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, সাংগঠনিক সম্পাদক রওশন ইয়াজদানী (ঢাকা বিভাগ), তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু এবং ছাত্র সম্পাদক সানজিদ রহমান শুভ।
- বিষয় :
- গণফোরাম
- ড. কামাল হোসেন