ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ
×

সোমবার দুপুরে ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৬

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার দুপুরে ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন কথা বলেছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন নাহিদ।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জবাবদিহি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পল্টন ও রাজপথের বক্তব্য বলে বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে গেছেন।

নাহিদ বলেন, ‘আজকেও পুরো জনগণের সামনে স্পষ্ট যে, দেশের আইনশৃঙ্খলা পরিবেশ আসলে ঠিক নেই। এটার জন্য বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। আমরা মনে করি, দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে এটা সম্ভব নয়।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, বিএনপির ‘নৈরাজ্য, তাণ্ডব, দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজির’ ধারাবাহিকতা মিরপুরের রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় দেখা গেছে। এসব ঘটনায় প্রশাসন নিষ্ক্রিয় থেকেছে বলেও অভিযোগ করেন তিনি।

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের প্রসঙ্গে নাহিদ বলেন, সেখানে একটি ফৌজদারি অপরাধ ঘটেছে। কিন্তু প্রশাসন তা প্রতিহত করতে বা বন্ধ করতে পারেনি। এখন কারা হামলা করেছে বা ভুক্তভোগীর দায় কী, তা নিয়ে সরকার নানা নাটক করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, রাজধানীতে ঘটেছে বলে দুটি ঘটনা সামনে এসেছে। তবে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একই রকম বলে দাবি করেন তিনি।

‘জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রত্যাশা উঠে আসেনি’

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ওই বক্তব্যে জনগণের প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষা উঠে আসেনি।

তিনি বলেন, ভাষণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ দলের ইশতেহার ও এজেন্ডার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এসব প্রকল্প দেশে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

নাহিদ বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবের বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হয়নি। পারস্য উপসাগর থেকে বাংলাদেশের জাহাজে জ্বালানি আনার ক্ষেত্রে আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও প্রধানমন্ত্রীর ভাষণে যথাযথভাবে আসেনি বলে মন্তব্য করেন তিনি।

‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে প্রতিরোধ করব’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনটি দফায় দফায় পিছিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে দলীয়করণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু না করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা তৈরি হলে বা নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা হলে জাতীয় নির্বাচনের মতো দেশের স্থিতিশীলতার কথা ভেবে তারা বসে থাকবেন না। সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিরোধ করা হবে।

‘সংস্কারের আকাঙ্ক্ষাকে ধুলিসাৎ করার চেষ্টা’

সংবিধান সংশোধনী কমিটি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংশোধনের নামে সংস্কারের আকাঙ্ক্ষাকে ধুলিসাৎ করার চেষ্টা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রের কসমেটিক সার্জারি চাই না। আমরা চাই মৌলিক সংস্কার।’

এর আগে ১৭ বার সংবিধান সংশোধন হলেও মৌলিক কোনো পরিবর্তন হয়নি দাবি করে তিনি দ্রুত এই ‘নাটক’ বন্ধ করে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের দাবি জানান।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়ায় অনেক চাকরিপ্রার্থী নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগের রাজনৈতিক সম্পৃক্ততা, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা বা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের কোনো সুস্পষ্ট তথ্য-প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের অনেককে বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে নাহিদ বলেন, এনসিপি এসব চাকরিপ্রার্থীর পাশে থাকবে। কোনো চাকরিপ্রার্থীকে অন্যায়ভাবে বাদ দেওয়া হলে তার জন্য লড়াই করার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির সর্বোচ্চ পরিষদ রাজনৈতিক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে রাজনৈতিক পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ‘প্রহসনমূলক’ সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়।

আরও পড়ুন

×