ক্যারিয়ারে মাত্র দু’বার স্টাম্প আউট ধোনী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০১৯ | ০৪:৩৭
উইকেটের পিছনে দাঁড়িয়ে সেরা সেরা ব্যাটসম্যানকে স্টাম্প আউট করে প্যাভেলিয়ন পাঠিয়েছেন তিনি। উইকেটের পিছনে দ্রুততম মানুষ হিসেবেই পরিচিত। তার দ্রুত স্টাম্প আউট করা নিয়ে বার বার আলোচনা হয়েছে ক্রিকেট বিশ্বে। তার দ্রুততা বার বার তাক লাগিয়ে দেয় ক্রিকেট সেরাদের। সেই মহেন্দ্র সিং ধোনি যখন নিজে স্টাম্প আউট হয় তখন অবাক হওয়ারই কথা। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আউট হয়ে ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার স্টাম্প আউট হলেন তিনি।
ধোনী দু'বারই স্টাম্প আউট হলেন বিশ্বকাপের মঞ্চে। এর আগে ধোনি স্টাম্প আউট হয়েছিলেন ২০১১ বিশ্বকাপে। শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে তার অতি মন্থর ব্যাটিংও সমালোচনার মুখে পড়েছে। রশিদ খানের বলকে এগিয়ে এসে বাউন্ডারির বাইরে পাঠানোর কথা ভেবেছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে সংযোগ স্থাপন করতে পারেননি। বল জমা হয় উইকেট কিপারের হাতে। ৫২ বলে ২৮ রান করে আউট হয়ে যান তিনি।
২০১১ বিশ্বকাপের পর আবার ধোনি স্টাম্প আউট হলেন ২০১৯ বিশ্বকাপের আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে। যেখানে ভারত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২২৪ রান করে।
এ দিন তার ৫২ বলে ২৮ রানের ইনিংস আবার ফিরিয়ে আনল পুরনো সময় যখন তার মন্থর ইনিংস তাকে সমালোচনার মুখে ফেলেছে। ২০১০ থেকে ৫০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে এত কম রান করেনি ভারত। বিরাট কোহলি এই বিশ্বকাপে টানা তিনটি হাফসেঞ্চুরি করেন।
এর আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে বিশ্রী হারের মুখ দেখতে হয়েছিল আফগানিস্তানকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিয়েছে তারা। ভারতকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল। শেষ ওভারে অভিজ্ঞতার অভাবে হেরে যায় দলটি।
- বিষয় :
- ইংল্যান্ড বিশ্বকাপ-২০১৯
- ভারত
- আফগানিস্তান