ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দাদাকে আইসিসির চেয়ারম্যান চান ভক্ত সাঙ্গাকারা

দাদাকে আইসিসির চেয়ারম্যান চান ভক্ত সাঙ্গাকারা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ০২:২৫ | আপডেট: ২৬ জুলাই ২০২০ | ০২:৫৭

ক্রিকেটার হিসেবে ভারতের দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলি সুনাম কুড়িয়েছেন। আবার নেতা হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তিনি। ক্রিকেট ছাড়ার পরে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসিবে নাম করেছেন। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সাবেক বাঁ-হাতি এই ওপেনার। এবার জোর গুঞ্জন আইসিসির চেয়ারম্যান হচ্ছেন তিনি।

আইসিসির সভাপতির দায়িত্ব ছেড়েছেন শশাঙ্ক মনোহর। তার জায়গায় সৌরভ গাঙ্গুলি চেয়ারম্যান হবেন বলে শোনা যাচ্ছে। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ তার মতামতে, করোনা সংকট কাটিয়ে উঠতে আইসিসিতে সৌরভের দরকার বলে উল্লেখ করেছেন। এবার শ্রীলংকার সাবেক অধিনায়ক ও এমসিসির প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারা বললেন, সৌরভ দাদাই আইসিসির চেয়ারম্যান হওয়ার উপযুক্ত।

২০১১ বিশ্বকাপে শ্রীলংকাকে ফাইনালে তোলা অধিনায়ক বলেন, 'আমি মনে করি, সৌরভ গাঙ্গুলি আইসিসির দায়িত্ব নিলে একটা পরিবর্তন আনতে পারবেন। আমি দাদার বড় ভক্ত। শুধু ক্রিকেটার হিসেবে নয়। তার অসাধারণ ক্রিকেট মস্তিষ্কের জন্যও। ক্রিকেটকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন। তিনি আইসিসির চেয়ারম্যান হলে বিসিসিআই, পিসিবি কিংবা এসএলসির প্রতি তার ভালোবাসাটা একটুও কমবে  না।'

কুমার সাঙ্গাকারার মতে, ক্রিকেট নিয়ে সৌরভের মানসিকতা আন্তর্জাতিক পর্যায়ের। নেতৃত্ব নেওয়ার জন্য এমন কাউকে দরকার। যিনি একজন ক্রিকেটার এবং ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ভালোর জন্য তিনি সেরাটা করবেন। তার কাজ সাঙ্গাকারা আগেই দেখেছেন মন্তব্য করে বলেন, 'বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার আগে, প্রশাসক হওয়ার আগেই বিশ্বের ক্রিকেটারদের সঙ্গে সৌরভের সম্পর্ক তৈরি করার ক্ষমতা আমি দেখেছি। আমার মতে, আইসিসির প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনিই উপযুক্ত।'

আরও পড়ুন

×