ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘যন্ত্রণার পৃথিবী, টুখেল এক নম্বর গণশত্রু’

‘যন্ত্রণার পৃথিবী, টুখেল এক নম্বর গণশত্রু’
×

ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের কৌশল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৮:২৩ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১৮:৩৭

শিরোপা ঘরে ফিরল না। বরং ইংল্যান্ডের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার প্রতীক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে এগিয়ে থেকেও টমাস টুখেল ও হ্যারি কেইনদের বিদায়ে ইংলিশ গণমাধ্যমগুলো এক প্রকার শোক প্রকাশ করছে। 

দ্য সান তাদের প্রিন্ট সংস্করণের শিরোনামে লিখেছে, ‘৬০ বছরের অপেক্ষা অব্যাহত’। অন্যদিকে দ্য টাইমস এই হারকে ইংল্যান্ডের জন্য তীব্র বেদনাদায়ক বলে অভিহিত করেছে। আর ডেইলি মেইল লিখেছে, আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। ইংল্যান্ডের জন্য আরও একটি বড় হতাশা। থ্রি-লায়ন্সরা আরেকবার বিশ্বকাপের সেমিফাইনালে হারল। 

প্রতিবেদনের বিস্তারিত বর্ণনায় দ্য সান লিখেছে, যন্ত্রণার পৃথিবী। টমাস টুখেল ও ইংল্যান্ডের জন্য কোনো রূপকথার গল্প লেখা হলো না। ৬০ বছরের খরা কাটানোর সুযোগও হাতছাড়া হলো। এই ব্যর্থতার দায় পুরোপুরি ম্যানেজারের। কারণ, যখন তাঁর বেতনকে ‘জাস্টিফাই’ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এলো, তখনই তিনি আগের ব্যর্থ ম্যানেজারদের কাতারে শামিল হলেন।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের ই-পেপার সংস্করণ। স্ক্রিনশট

প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, টুখেলের অধীনে ভিন্ন কিছু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচে আর্জেন্টিনা দেখিয়েছে জেদ আর টুখেলের কৌশলে ছিল ‘ভয়’। ইংল্যান্ড মূলত নিজেদের হাত থেকে জয় ফেলে দিয়েছে।

ডেইলি মিরর লিখেছে, ‘আটলান্টায় চরম যন্ত্রণা!’ কিছু খেলোয়াড় বদল (সাবস্টিটিউশন) করে টমাস টুখেল হতাশ করেছেন। তাঁর নেওয়া এই পরিবর্তনগুলো উল্টো বিপর্যয় ডেকে এনেছে।

টুখেলকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলোর এমন আক্রমণাত্মক বর্ণনার দিকে ইঙ্গিত করেই হয়তো অস্ট্রেলিয়ার দ্য সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘টুখেল এখন এক নম্বর গণশত্রু। তাঁর এখন কী করা উচিত? তিনি কোন মুখে ইংল্যান্ডে ফিরবেন?’ 

সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্রিটিশ সমর্থক, সাংবাদিক ও বিশ্লেষকদের করা কিছু প্রশ্নও তুলে ধরেছে হেরাল্ড। সেগুলোর মধ্যে আছে- টুখেল কি একটু বেশি তাড়াহুড়ো করে রক্ষণাত্মক কৌশল বেছে নিয়েছিলেন? ইংল্যান্ডকে কি খুব শিগগিরই এসব সিদ্ধান্তের চড়া মূল্য দিতে হবে? কেন তিনি নিজের দলের ওপর আস্থা রাখতে পারলেন না?

আরও পড়ুন

×