ম্যাচ হেরে ঘরোয়া লিগের অভাবকে দায়ী করলেন ডুলি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪০
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হারকে শুধু মাঠের ভুলে দেখছেন না বাংলাদেশ কোচ থমাস ডুলি। তাঁর মতে, দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকাটাও দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকেই ছন্দহীন ছিল বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে আক্রমণে কিছুটা গতি এলেও ততক্ষণে তিন গোল হজম করে বসেছিল দল।
ডুলি মনে করেন, নিয়মিত ম্যাচের মধ্যে না থাকায় মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে ৯০ মিনিট একই তীব্রতায় খেলা কঠিন। তিনি বলেন, সান মারিনোর বিপক্ষে সর্বশেষ ম্যাচের পর বাংলাদেশের অনেক খেলোয়াড় আর প্রতিযোগিতামূলক ম্যাচে ছিলেন না। বিপরীতে মালয়েশিয়ার খেলোয়াড়েরা নিয়মিত লিগ ও জাতীয় দলের ম্যাচ খেলছেন।
‘আপনি যদি কোনো লিগে খেলার মধ্যে না থাকেন এবং এমন এক মালয়েশিয়ার বিপক্ষে খেলেন, যাদের খেলোয়াড়েরা লিগ ও জাতীয় দলে নিয়মিত খেলছে, তবে কাজটা নিশ্চিতভাবেই খুব কঠিন,’ বলেন ডুলি।
তবে এই হারকে শুধুই হতাশা হিসেবে দেখছেন না তিনি। পরের ম্যাচে ভুলগুলো শুধরে নেওয়ার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ কোচ।
আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে মালয়েশিয়ার বিপক্ষে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান ডুলি।
- বিষয় :
- থমাস ডুলি
- বাংলাদেশ
- মালয়েশিয়া
- এশিয়ান গেমস