ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

টানা পতনের পর ঊর্ধ্বমুখী ধারা শেয়ারবাজারে

টানা পতনের পর ঊর্ধ্বমুখী ধারা শেয়ারবাজারে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৫

টানা পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে শেয়ারবাজারে। গত সপ্তাহের শেষ তিন কর্মদিবসে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছিল। গতকাল রােববার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে লেনদেনযোগ্য ৩৫২ কোম্পানির মধ্যে ২৫৮টি দর বেড়েছে। 

এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে ৫৫৯২ পয়েন্ট ছাড়িয়েছে। ডিএসইতে ৭৪৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।  আগের দিনের থেকে যা প্রায় ৯২ কোটি টাকা বেশি।

ডিএসইতে টানা প্রায় এক মাস পতন ছিল। গত সোমবার থেকে শেয়ারদর বাড়ছে। এই চার দিনে ডিএসইএক্স সূচক ফিরে পেয়েছে ২১৩ পয়েন্ট। এর আগে এক মাসে সূচকটি  ৫২৪ পয়েন্ট হারিয়েছিল।
বাজার-সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক দর পতনের জন্য জ্বালানি সংকটের পাশাপাশি অর্থনীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছিল। তবে বেশি আলোচিত হয়েছে শেয়ার কারসাজি প্রতিরোধ করতে গিয়ে ঠেকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের নানা তৎপরতা। টানা দর পতনের মুখে এ নিয়ে দুই দফায় ডিএসইর পর্ষদ ও ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে ব্রোকার প্রতিনিধিদের জরুরি বৈঠক হয়।

ব্রোকারদের পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জের তৎপরতার কারণে দর পতন হয়েছিল বলে দাবি করা হয়। তাদের দাবি ছিল, কারসাজি প্রতিরোধ বা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে যাতে কেউ হয়রানি না হন। ফলে আগের তুলনায় ডিএসইর তৎপরতা কমায় ফের কারসাজি চক্র সক্রিয় হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন অনেকে।

গতকালের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে– শেয়ারের দর বেশি বেড়েছে এমন কিছু কোম্পানির শেয়ার নিয়ে বড় ধরনের কারসাজির অভিযোগ গত কয়েক বছরে উঠেছে। গতকাল প্রায় ১০ শতাংশ বেড়ে খান ব্রাদার্স পিপির শেয়ার ছিল দরবৃদ্ধির শীর্ষে। গতকাল শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৮০ পয়সায় কেনাবেচা হয়। 

কোম্পানিটির শেয়ারদর ১০ টাকা থেকে টানা বেড়ে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি সর্বোচ্চ ২৩৯ টাকা ৯০ পয়সায় উঠেছিল। এরপর ক্রমাগত দর হারিয়ে সম্প্রতি ২৮ টাকায় নেমেছিল। গত চার দিনে এ শেয়ারটির দর সাড়ে ৩৪ শতাংশ বেড়েছে। এমনকি লেনদেন এক কোটি টাকা থেকে বেড়ে সোয়া আট কোটি টাকায় উন্নীত হয়েছে।

একই চিত্র দেখা যাচ্ছে লাভেলো, ওরিয়ন ইনফিউশনস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজসহ আরও বেশ কিছু শেয়ারের ক্ষেত্রে। বড় ধরনের মূল্য কারসাজি হচ্ছে– এমন অভিযোগ থাকা শেয়ারগুলো বাজার ঘুরে দাঁড়ানোর সময় ফের লেনদেনের শীর্ষে উঠে আসতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন

×