ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আখাউড়া আগরতলা রেলপথ উদ্বোধন কাল

আখাউড়া আগরতলা রেলপথ উদ্বোধন কাল

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ | ১৭:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বাংলাদেশের আখাউড়া থেকে প্রথমবারের মতো একটি পরীক্ষামূলক ট্রেন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ের ৬ জন কর্মীকে নিয়ে আখাউড়ার গঙ্গাসাগরে নবনির্মিত রেলস্টেশন থেকে ৫টি বগির একটি পরীক্ষামূলক ট্রেন আগরতলার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটির গন্তব্য ছিল আগরতলা নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন।এর আগে গত ১৪ সেপ্টেম্বর প্রথম ট্রায়াল রান বা পরীক্ষামূলক ট্রেন চলে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে। প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া জানান, পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হওয়ায় ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই রেলপথের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রথমদিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তী সময়ে যাত্রীবাহী ট্রেনও চালানো হবে এই রুটে।এদিকে গতকাল বিকেল ৪টায় খুলনার ফুলতলা থেকে নতুন রেলপথে মোংলার উদ্দেশে ছেড়ে যায় একটি পরীক্ষামূলক ট্রেন। কাল বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের উদ্বোধন করবেন। তবে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য অপেক্ষা করতে হবে আরও অন্তত দেড় মাস। প্রকল্পের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, খুলনা-মোংলা রেললাইন ট্রেন চলাচলের উপযোগী হয়েছে। কিছু ফিনিশিং কাজ বাকি রয়েছে। সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। একই দিন খুলনা থেকে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে রাজধানী ঢাকায় যাবে ট্রেন। রুটটি চালুর জন্য এখন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

×