ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রণোদনার সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল

সিপিডি ও অক্সফামের ভার্চুয়াল সংলাপে বক্তারা

প্রণোদনার সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০ | ২১:১২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১৫:৫৫

দুর্যোগপ্রবণ চর এলাকায় ত্রাণ ও কৃষি পুনর্বাসন কর্মসূচি যথাযথ বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সরকারি পরিষেবার কার্যকারিতা বাড়ানো দরকার। এজন্য বিশদ ডাটাবেজ তৈরিসহ ত্রাণ বিতরণ সম্পর্কিত অবাধ তথ্যপ্রবাহের মাধ্যমে সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে ত্রাণসহ অন্যান্য সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে সামগ্রিক বিপন্নতা মূল মাপকাঠি হতে পারে।
গতকাল সোমবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে 'করোনা ও বন্যা মোকাবিলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনা :সরকারি পরিষেবার কার্যকারিতা' শীর্ষক ভার্চুয়াল সংলাপে বক্তারা এসব কথা বলেন। এতে বলা হয়, প্রণোদনার সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় 'গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ' শীর্ষক চলমান প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। এতে সহযোগী ছিল মানব মুক্তি সংস্থা, সিরাজগঞ্জ এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক পল্গ্যাটফর্ম, বাংলাদেশ।
সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্ব সংলাপে বক্তব্য দেন ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, অক্সফাম ইন বাংলাদেশের 'ইকোনমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিস'-এর প্রধান শোয়েব ইফতেখার ও মানব মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট মুনতাসির কামাল মূল প্রবন্ধে সিরাজগঞ্জ জেলায় করোনা ও বন্যা মোকাবিলায় গৃহীত সরকারি ত্রাণ এবং কৃষি পুনর্বাসন কর্মসূচির কার্যকারিতার একটি প্রাথমিক মূল্যায়ন উপস্থাপন করেন। এতে বলা হয়েছে, ত্রাণ সেবা সম্পর্কিত 'হটলাইন' নম্বরসহ প্রযুক্তিভিত্তিক উদ্যোগ সম্পর্কে স্থানীয় পর্যায়ের সুবিধাভোগীরা যথেষ্ট সচেতন নন। সুবিধাভোগী নির্বাচন অনেক ক্ষেত্রেই অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়নি।
সংলাপে সাংসদ ডা. হাবিবে মিল্লাত ত্রাণ ও প্রণোদনা সরবরাহে অপ্রতুলতার কথা স্বীকার করে বলেন, অনিয়মের অভিযোগের বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে। ত্রাণ সরবরাহে সংসদ সদস্যদের প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করার বিষয়ে মত দেন তিনি।
সাংসদ তানভীর শাকিল জয় বলেন, করোনা মোকাবিলা ও ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসন অত্যন্ত স্বচ্ছভাবে কাজ করেছে, যদিও কিছু অপ্রতুলতা রয়েছে। দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে উত্তরাঞ্চলে বরাদ্দের ক্ষেত্রে বিশেষ মনোযোগের প্রয়োজন।
সিরাজগঞ্জ সদর, চৌহালী ও কাজীপুর উপজেলা থেকে জনপ্রতিনিধিসহ ১২০ জন সংলাপে যুক্ত হন। তাদের বক্তব্যেও অপ্রতুল ত্রাণের বিষয় উঠে আসে।

আরও পড়ুন

×